“আমাকে নিয়ম শেখাতে আসবেন না”! অমিতাভকে মুখের ওপর জবাব খুদে প্রতিযোগীর, KBC-র মঞ্চে কী কাণ্ড ঘটাল ১০ বছরের শিশু?

জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি জুনিয়র’ (KBC Junior) আবারও খবরের শিরোনামে, তবে এবার প্রশ্ন এবং কৌতুক নিয়ে নয়, বরং এক খুদে প্রতিযোগীর ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের কারণে। অমিতাভ বচ্চনের সামনে হটসিটে বসা পঞ্চম শ্রেণির এক দশ বছর বয়সী শিশুর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাকে কেন্দ্র করে চলছে তীব্র সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অমিতাভ বচ্চন যখন অন্যান্য প্রতিযোগীর মতোই ওই খুদেকে খেলার নিয়ম বোঝাতে শুরু করেন, তখনই সে অতিরিক্ত আত্মবিশ্বাসের সঙ্গে বিগ বি-কে থামিয়ে দিয়ে বলে ওঠে, “আমাকে নিয়ম শেখাতে আসবেন না। আমি সব জানি। আপনি শুধু অপশন দিন তো।”

শিশুটি এখানেই থেমে থাকেনি। রামায়ণ সংক্রান্ত একটি প্রশ্ন করার সময় অমিতাভের বলা শেষ হওয়ার আগেই সে বাজার বাজিয়ে জবাব দিতে যায়। তাচ্ছিল্য ভরে খুদে এও বলে ওঠে, “এটা আবার কোনও প্রশ্ন হল নাকি!” কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস তার জন্য শুভ ফল আনেনি। ‘তাচ্ছিল্য’ করা সেই রামায়ণের প্রশ্নের ভুল জবাব দিয়েই তাকে কোনও পুরস্কার মূল্য না জিতেই হটসিট ছাড়তে হয়।

মাত্র দশ বছর বয়সী এই খুদের ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ দেখে নেটিজেনরা স্তম্ভিত এবং বিরক্ত। বিশেষ করে ছেলের এই ধরনের হাবভাব দেখে বাবা-মায়ের হাসির অভিব্যক্তিতে তাঁদেরও তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, ‘প্যারেন্টিং’ নিয়ে—বর্তমান প্রজন্মকে কি অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হচ্ছে, যাতে তারা গুরুজনদের নূন্যতম সম্মানটুকুও করতে শিখছে না?

অনেকে মন্তব্য করেছেন, এই আচরণের জন্য শিশুটির কোনো দোষ নেই, কারণ ছোটরা মূলত বাবা-মাকে দেখেই শেখে। আবার কেউ কেউ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই ধরনের ট্রোলিং শিশুটির মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।