‘৪৬ শতাংশ ভোট পেলেই সরকার’! ৭ মাস আগে বাংলায় বিজেপির ‘গোপন অঙ্ক’ ফাঁস করলেন শুভেন্দু অধিকারী

আসন্ন বিধানসভা ভোটের আর মাত্র সাত মাস বাকি। তার আগেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ‘জয়ের সমীকরণ’ প্রকাশ্যে আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কাঁথিতে আয়োজিত বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তিনি দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন— এখনই ‘ঘরে ঘরে সংগঠন গড়ে তোলা’ শুরু করতে হবে।
বিজয়া সম্মিলনীর ভাষণেই শুভেন্দু অধিকারী বিজেপিকে ক্ষমতায় আনার জন্য নির্দিষ্ট ভোটের হিসেব তুলে ধরেন। তিনি বলেন, “রাজ্যে আমরা যদি ৪৬ শতাংশ ভোট পাই, তাহলে বিজেপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে। সংখ্যালঘুদের ৯৫ শতাংশ ভোট ওদের ঝুলিতে যায়, তবুও আমাদের সঙ্গে এখন ৪২ লক্ষ ভোটের ব্যবধান রয়েছে। এই ব্যবধান কাটাতে দরকার মাত্র ২২ লক্ষ অতিরিক্ত ভোট।”
শুভেন্দু অধিকারী দাবি করেন, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় প্রায় ১ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রক্রিয়ার পর ভোটের অঙ্ক অনেকটাই বদলে যাবে এবং আমাদের জয়ের পথ সহজ হবে।” তিনি বুথ লেভেল অফিসারদের (BLO) উদ্দেশ্যে কমিশনের নির্দেশ মেনে কাজ করার আহ্বান জানান এবং বুথ লেভেল এজেন্টদের জন্য বিশেষ কর্মসূচি করার ঘোষণা করেন। একইসঙ্গে, “হিন্দুদের এক হতে হবে। আমাদের প্রত্যেক বুথই সবচেয়ে মজবুত হতে হবে,”—এই গুরুত্বপূর্ণ বার্তা দেন বিরোধী দলনেতা।
ভোটের অঙ্কের পাশাপাশি এদিন রাজ্য সরকারের নারী নিরাপত্তা নিয়ে সরব হন শুভেন্দু। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “পাড়ায় পাড়ায় অসুর তৈরি হয়েছে। বোনেদের হাতে ত্রিশূল দরকার। মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।” তাঁর অভিযোগ, রাজ্যে মহিলারা সুরক্ষিত নন, এবং তৃণমূল সরকার কেবল ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে।
ক্ষমতায় এলে কী কী সুবিধা?
বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মানুষ কী ধরনের সুবিধা পাবেন, এদিন সেই ইঙ্গিতও দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করছেন, গ্যাসের দাম কমেছে। বাংলায়ও আমাদের সংকল্পপত্রে সেই প্রতিশ্রুতিগুলো থাকবে।” পুরনো কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, “যাঁরা একসময় দল গড়েছিলেন, তাঁদের ভুলে গেলে চলবে না।” এদিন কাঁথির সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বাবা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী।