“ওদের মানসিকতা তালিবানের মতোই!” চরম কটাক্ষ যতীন্দ্র সিদ্দারামাইয়ার, RSS-এর রেজিস্ট্রেশন বাতিলের দাবি

রাষ্ট্রীয় সয়ং সেবক সংঘ (RSS)-কে সরাসরি আফগানিস্তানের জঙ্গিগোষ্ঠী ‘তালিবান’-এর সঙ্গে তুলনা করে দেশের রাজনীতিতে চরম বিতর্ক সৃষ্টি করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র যতীন্দ্র সিদ্দারামাইয়া। RSS-এর আদর্শ এবং কার্যকারিতা নিয়ে তাঁর এই বিস্ফোরক মন্তব্যের পর বিজেপি কড়া হুঁশিয়ারি দিয়েছে।
সোমবার যতীন্দ্র সিদ্দারামাইয়া আরএসএস-এর বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুঁড়ে বলেন, “ওদের (RSS) মানসিকতা তালিবানদের মতোই। ওরা একটি ধর্মে কেবল একটি দৃষ্টিভঙ্গি থাকাকেই উচিত মনে করে।” তিনি ব্যাখ্যা করেন, তালিবানরা যেমন ইসলামের বিষয়ে ‘ডিকটেট’ জারি করে নারীদের স্বাধীনতা খর্ব করতে চায়, ঠিক একইভাবে আরএসএস-ও হিন্দু ধর্ম নিয়ে একইরকম করতে চায়।
শুধু কটাক্ষ নয়, যতীন্দ্র সিদ্দারামাইয়া কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ এবং রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খারগের সুরেই এবার আরএসএস-এর আইনি রেজিস্ট্রেশন এবং তাদের কার্যক্রমে বিধিনিষেধ আরোপের দাবি তুলেছেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, “আরএসএস নিজেদেরকে অনেক বড় সংগঠন বলে দাবি করে। দিল্লিতে তাদের একটি ভবন আছে, যেখানে হাজার হাজার কোটি টাকা তহবিল রয়েছে। তবুও তারা আইনতভাবে নিবন্ধিত নয়। এটি একটি প্রভাবশালী সংগঠন এবং তাদের আইন মেনেই কাজ করতে হবে। আমার মতে রেজিস্ট্রেশন ছাড়া সংঘের কাজ করা ভুল।”
প্রসঙ্গত, প্রিয়াঙ্ক খারগে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতর প্রাঙ্গণে আরএসএস-এর কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সরকারি স্কুল-কলেজের মাঠ ব্যবহার করে আরএসএস ‘শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলছে’ এবং তাদের ‘ব্রেন ওয়াশ’ করতে চাইছে।
যতীন্দ্রের মন্তব্যের পরেই ময়দানে নেমেছে বিজেপি। কর্ণাটক ইউনিটের প্রধান বি ওয়াই বিজয়েন্দ্র এক্সে (পূর্বে ট্যুইটার) লেখেন, “কেউ আরএসএস-কে নিষিদ্ধ বা দমন করতে পারবে না। জাতীয়তাবাদ এবং সামাজিক সংস্কারের আদর্শ সর্বদা দেশবিরোধী কংগ্রেসের বিরুদ্ধে জয়লাভ করবে।” বিজয়েন্দ্র আরও মনে করিয়ে দেন, কংগ্রেস এর আগেও তিনবার আরএসএসকে নিষিদ্ধ করেছিল, কিন্তু প্রতিবারই তা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।