‘একদিন জাতীয় দলের কোচ হতে চাই’, দেশমের চেয়ারে চোখ? বিরাট ঘোষণা জিদান-এর

ফুটবল বিশ্বে ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কিংবদন্তি জিনেদিন জিদান। ফুটবল মাঠে তাঁর ‘জিজু’ ম্যাজিক ফিরিয়ে আনতে আগ্রহী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্রান্সের প্রাক্তন এই অধিনায়ক স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি একদিন ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হতে চান।

জিদানের এই মন্তব্যের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, তিনি কি বিদায়ী কোচ দিদিয়ের দেশমের থেকে দ্রুত দায়িত্ব নিতে চাইছেন? যদিও এই বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।

ইতালির একটি ক্রীড়া দৈনিকের আয়োজিত এক অনুষ্ঠানে জিদান বলেন, “আমি নিশ্চিত যে আমি কোচিংয়ে ফিরে আসব।” তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলে তিনি যোগ করেন, “আমি বলছি না যে এটা এখনই ঘটবে, কিন্তু আমি যা চাই তা হল একদিন জাতীয় দলের কোচ হওয়া।”

জিদানই হলেন সেই নায়ক, যিনি ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দু’বার গোল করে ফ্রান্সকে বিশ্বসেরার মুকুট এনে দিয়েছিলেন। খেলোয়াড়ি জীবনের মতো কোচিংয়েও তাঁর সাফল্য নজরকাড়া। তাঁর একমাত্র পূর্ববর্তী সিনিয়র প্রধান কোচিংয়ের অভিজ্ঞতা ছিল রিয়াল মাদ্রিদে, যেখানে তিনি দলকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেন।

ফলে, এই কিংবদন্তির এমন ইচ্ছাপ্রকাশের পর ফ্রান্সের ফুটবলে ভবিষ্যতে বড় পরিবর্তন আসার সম্ভাবনা দেখছেন ফুটবল অনুরাগীরা।