‘প্রতিবেশী দাদুর’ পাশবিক লালসা! কুলতলিতে ৭ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পকসো আইনে গ্রেফতার অভিযুক্ত

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সাত বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। নাবালিকাটি খেলা করার সময় অভিযুক্ত তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এই নারকীয় কাণ্ড ঘটায় বলে অভিযোগ। বাড়িতে ফেরার পর শিশুটির শারীরিক সমস্যা দেখা দিলে এবং তার কথা শুনেই মা-বাবা সবটা বুঝতে পারেন। এরপরই তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা খেলা করছিল। সেই সময় অভিযুক্ত প্রতিবেশী ‘দাদু’ তাকে নিজের বাড়িতে ডাকে। পরিবারের দাবি, একা পেয়ে যৌন নির্যাতন করা হয় ওই নাবালিকাকে। শুধু তাই নয়, ঘটনাটি যাতে সে কাউকে না জানায়, তার জন্য তাকে ভয়ও দেখানো হয় বলে অভিযোগ।
কিন্তু ঘটনার পর থেকে শিশুটির নানারকম শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। বিষয়টি প্রথমে সে তার ঠাকুমা ও মা’কে জানায়। এরপরেই পরিবারের পক্ষ থেকে কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার ভিত্তিতে সঙ্গে সঙ্গেই তদন্তে নামে কুলতলি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে নির্যাতিতা নাবালিকার শারীরিক পরীক্ষাও করা হয়েছে। কুলতলি থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করেছে। পাশাপাশি, এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে নির্যাতিতার গোপন জবানবন্দির জন্য আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।