‘ওরা হিন্দু নয়, নাগরিক বলুক!’ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ‘ভুয়ো খবর’, বিস্ফোরক দাবি করলেন প্রধান মহম্মদ ইউনূস

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার সংক্রান্ত খবরকে সম্পূর্ণভাবে অস্বীকার করে ভারতের ‘ভুয়ো খবর’ বলে পাল্টা তোপ দাগলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে এক বিশেষ এবং বিতর্কিত বার্তা দিয়েছেন— নিজেদের ‘হিন্দু’ নয়, ‘নাগরিক’ হিসাবে পরিচয় দিতে বলেছেন।
সম্প্রতি সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া মহম্মদ ইউনূসের একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হয়েছে। সেই সাক্ষাৎকারে সঞ্চালক যখন হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ নিয়ে প্রশ্ন করেন, উত্তরে ইউনূস বলেন, “এগুলি ভুয়ো খবর। আপনি ভুয়ো খবর দিয়ে পরিচালিত হতে পারেন না। ভারতের বিশেষত্ব হল ভুয়ো খবর। গুচ্ছ গুচ্ছ ভুয়ো খবর।”
মানিকন্ট্রোলের রিপোর্ট অনুসারে, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস হিন্দু সম্প্রদায়কে পরামর্শ দেন, নিজেদের হিন্দু সম্প্রদায় হিসাবে না দেখে, আগে বাংলাদেশের নাগরিক হিসাবে দেখতে। এই পদ্ধতিই দেশে অন্তর্ভুক্তি ও একতাকে তুলে ধরবে।
ইউনূস বলেন, “আমি যখন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করব, তখন আমার বার্তা থাকবে যে বলবেন না আমি হিন্দু, তাই আমায় রক্ষা করুন। সবসময় বলুন, আমি এই দেশের নাগরিক, তাই আমার অধিকারের সুরক্ষা দিন। তাতে আরও সুরক্ষা পাবেন।” তিনি আরও বলেন, বাংলাদেশের হিন্দুদের কখনও একা অনুভব করা উচিত নয়, বরং নাগরিক হিসাবে তাঁদের অধিকার দাবি করা উচিত।
হিন্দুদের উপরে হামলা-অত্যাচারের ঘটনা প্রসঙ্গে ইউনূস দাবি করেন যে অধিকাংশ ঘটনাই আসলে জমি নিয়ে স্থানীয় বিবাদ বা প্রতিবেশীদের মধ্যে সমস্যা, যাকে সাম্প্রদায়িক সমস্যা হিসাবে তুলে ধরা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপরে এবং মন্দিরে হামলা নিয়ে একাধিক যে আন্তর্জাতিক রিপোর্ট প্রকাশিত হয়েছে, তাকেও তিনি খারিজ করে দেন। ইউনূস বলেন, “আমি বলব সরকার অত্যন্ত সতর্ক, কারণ ভারত এই বিষয় নিয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে।”
শেখ হাসিনার গদিচ্যুতির পর ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ক্ষমতায় আসেন মহম্মদ ইউনূস। এই এক বছরে তিনি বারবার ভারত-বিরোধী অবস্থান নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইউনূস অস্বীকার করলেও, গত বছরের নভেম্বর মাসে ৩০ হাজারেরও বেশি হিন্দু নিরাপত্তা ও বিচারের দাবিতে ঢাকায় রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন।