আর নদী পেরিয়ে নয়, ৯.৫ কোটি টাকার ‘স্বপ্নের’ বোচাগাড়ি সেতু উদ্বোধনের অপেক্ষায়! ঘুচল উত্তর দিনাজপুরের দীর্ঘদিনের দুর্ভোগ

দীর্ঘদিনের দুর্ভোগ আর নদীর জল ডিঙিয়ে যাতায়াতের দিন শেষ। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের বোচাগাড়ি সেতু খুব দ্রুত উদ্বোধন হতে চলেছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে সেতু এবং এর সংযোগকারী রাস্তার (এপ্রোচ রোড) কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এই সেতু চালুর অপেক্ষায় গোটা এলাকায় এখন উৎসবের মেজাজ।

জানা গিয়েছে, গোয়ালপোখর এক নম্বর ব্লকের বোচাগাড়ি এলাকায় বয়ে গেছে পিতানু নদী। এই নদীর উপর সেতু না থাকার কারণে দীর্ঘদিন ধরে গোয়ালপোখর ও চাকুলিয়া—এই দুটি বিধানসভার হাজার হাজার মানুষের যাতায়াত কার্যত বিচ্ছিন্ন ছিল। এলাকাবাসীর অভিযোগ ছিল, এই যোগাযোগের সমস্যার কারণে অনেক যুবক-যুবতীর বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যেত!

দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৭ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর প্রায় সাত কোটি টাকার প্রকল্পে সেতু নির্মাণের কাজ শুরু করে। কিন্তু সেতু তৈরি হলেও ছয় বছর ধরে সেটি অচল অবস্থায় পড়ে ছিল, কারণ এপ্রোচ রোডের কাজ বাকি ছিল। অবশেষে চলতি বছরের মার্চ মাসে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে আরও আড়াই কোটি টাকা ব্যয়ে সেই এপ্রোচ রোডের কাজ শুরু হয় এবং দ্রুত তা সম্পন্ন হয়েছে। আর এতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উত্তর দিনাজপুরের সাধারণ মানুষ।

বর্তমানে বোচাগাড়ি সেতু উদ্বোধনের অপেক্ষায় গোটা এলাকা জুড়ে খুশির আমেজ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীরা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, যাঁর প্রচেষ্টায় অবশেষে এই স্বপ্নের বোচাগাড়ি সেতু বাস্তব রূপ পেল।