“আগে আমরা জামাকাপড় রাখতাম”-PoK দখলের ডাক দিলেন RSS প্রধান মোহন ভাগবত

সেনার গুলিতে কমপক্ষে ৮ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবরে উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর (PoK)। জীবনধারণের জন্য প্রয়োজনীয় ৩৮ দফা দাবিতে সেখানে সাধারণ মানুষ পথে নেমে এসেছেন। এই চরম উত্তেজনার আবহেই পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভাগবত।

রবিবার মধ্যপ্রদেশের সাতনায় সিন্ধি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোহন ভাগবত PoK-কে ভারতের দখল হয়ে যাওয়া একটি ঘরের সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, “পুরো ভারত একটা বাড়ি। কিন্তু আমাদের বাড়ির একটা ঘর কেউ দখল করে নিয়েছে। আগে সেখানে টেবিল, চেয়ার, জামাকাপড় রাখা থাকত। এখন অন্য কেউ সেখানে বসে আছে। এই ঘর আমাদের ফেরত আনতে হবে।”

ভাগবতের এই মন্তব্যে উপস্থিত দর্শকরা হাততালিতে ফেটে পড়েন। সিন্ধি সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “এখানে সিন্ধি ভাইয়েরা আছেন। তাঁরা পাকিস্তানে যাননি, গিয়েছিলেন অবিভক্ত ভারতে। পরিস্থিতির কারণে সেই ঘর ছেড়ে তাঁরা এখানে চলে এসেছেন। কিন্তু সেই ঘর আর এই ঘর আলাদা নয়।”

PoK-এর স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রদেশটির স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং প্রশাসনিক দুর্নীতি চরমে পৌঁছেছে। একাধিকবার সরকারকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়েই তাঁরা ধর্মঘট ও চাক্কা জ্যামের পথে নেমেছেন।

বিক্ষোভ দমনে পাকিস্তান সরকার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে সেনা টহল বাড়িয়ে নজরদারি কঠোর করেছে। মুজাফফরাবাদে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও পাঠানো হয়। পাকিস্তানের সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী জানিয়েছেন, শেষ পর্যন্ত শনিবার রাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

PoK নিয়ে মোহন ভাগবতের এই মন্তব্য এমন সময় এলো, যখন চলতি মাসেই মরক্কোতে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, “পিওকে ভারতের। সেই অংশ একদিন নিজেই বলবে, আমরা ভারতের অংশ।” তিনি আরও যোগ করেন, স্থানীয়রাই স্বাধীনতার দাবি তুলছে। উল্লেখ্য, গত বছর থেকেই পাকিস্তানের হাত থেকে নিষ্কৃতি চেয়ে সরব হয়েছেন PoK-এর বাসিন্দারা।