২৫০ বছরের ইতিহাসে প্রথম! দশমীর পরে এ ভাবে থাকলেন বুড়িমা…, কবে ভাসান?

আকভানের জেরে দু’দিনের টানা বৃষ্টিতে পিছিয়ে গেল জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন পর্ব। চন্দননগর থেকে কৃষ্ণনগর—সর্বত্রই এই বৃষ্টির প্রভাব পড়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার নিরঞ্জন। আড়াইশো বছরেরও বেশি পুরোনো এই পুজোর ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। দশমীর দিন এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল যে নিরঞ্জনের ঘাট পর্যন্ত বুড়িমাকে নিয়ে যাওয়াই সম্ভব হয়নি। প্রথমে শোনা যাচ্ছিল রবিবার ভাসান হতে পারে, তবে পুজো কমিটির তরফে শনিবার জানানো হয়েছে, সোমবার ২৩ নভেম্বর সন্ধের পর বুড়িমার নিরঞ্জন শোভাযাত্রা বেরোবে।
ইতিহাসে এবারের ঘটনা সত্যিই নজিরবিহীন। প্রাকৃতিক দুর্যোগের কারণে পুজো শেষ হওয়ার পরের দিন সম্পন্ন করা যায়নি কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চাষাপাড়ার বুড়িমা-সহ একাধিক বারোয়ারি জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন। লাগাতার বৃষ্টির ফলে পুরো নিরঞ্জন প্রক্রিয়াই থমকে যায়। পরিস্থিতি খতিয়ে দেখে বুড়িমা-সহ একাধিক পুজো কমিটি সিদ্ধান্ত নেয়, আবহাওয়ার উন্নতি হলে তবেই নিয়ম মেনে প্রতিমা নিরঞ্জন করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার রাতে জলঙ্গী নদীতে নিরঞ্জন হবে কৃষ্ণনগরের চাষাপাড়ার বুড়িমার।
এদিকে বুড়িমার নিরঞ্জনে এই বিলম্ব ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট চোখে পড়ছে। ভক্তদের বিশ্বাস, মা না চাইলে এক কদমও তাঁকে নড়ানোর ক্ষমতা কারও নেই, তাঁর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। দু’দিন আগে বৃহস্পতিবার দশমীর দিন নিরঞ্জনের সব প্রস্তুতি সেরেও প্রবল বৃষ্টির কারণে প্রতিমা নিয়ে বেরোতে পারেননি চাষাপাড়া বারোয়ারির সদস্যরা। ঐতিহ্যবাহী সাঙের ব্যবস্থা করা হলেও মন্দির থেকে বুড়িমাকে বের করা যায়নি।
শনিবার বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা কমায় শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই পূর্বাভাসের ওপর ভিত্তি করেই সোমবার রাতে নিরঞ্জনের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন পুজো কমিটি। চাষাপাড়া বারোয়ারি পুজো কমিটি সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে নিরঞ্জনের উদ্দেশ্যে বের করা হবে বুড়িমাকে।
পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্ণব গঙ্গোপাধ্যায় জানান, চিরাচরিত রীতি মেনেই প্রথমে বেহারাদের কাঁধে চেপে রাজবাড়ির দিকে যাত্রা করবেন বুড়িমা। সেখানে প্রদক্ষিণপর্ব শেষ করার পর প্রতিমাকে নিয়ে যাওয়া হবে জলঙ্গী নদীর ঘাটে। অন্যান্য বছরের মতো সেখানেই সমস্ত নিয়ম ও রীতি মেনে বুড়িমার নিরঞ্জন সম্পন্ন হবে। শুধু বুড়িমা নয়, একই দিনে কৃষ্ণনগরের আরও একাধিক বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাঁঠালপোতা বারোয়ারি পুজো কমিটির সদস্য অরিন্দম হালদার জানান, প্রথা অনুযায়ী বুড়িমার আগেই ছোটমার নিরঞ্জন হয়। সেই নিয়ম মেনেই সোমবার বুড়িমার যাত্রার আগে কাঁঠালপোতা বারোয়ারির ছোটমা বেহারাদের কাঁধে চেপে কৃষ্ণনগরের রাজপথ ধরে নিরঞ্জনের পথে রওনা দেবেন।
অন্যদিকে, শনিবার আবহাওয়া কিছুটা অনুকূল হতেই চন্দননগরে ৪৪টি প্রতিমা বিসর্জন হয়েছে। চন্দননগর রানি ঘাট-সহ চন্দননগর ও ভদ্রেশ্বরের বিভিন্ন ঘাটে বিসর্জন চলে। এ বছর পুলিশ প্রশাসন মোট ৪৪৬টি পুজোর অনুমতি দিয়েছিল। চন্দননগর কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে চন্দননগর ও ভদ্রেশ্বরের মোট ১৮০টি পুজো হয়েছে, যার মধ্যে ৬৮টি পুজো শোভাযাত্রায় অংশ নেবে এবং আলোর লরি-সহ মোট ২৪৫টি লরি থাকার কথা রয়েছে।