‘রামায়ণ’ বন্ধের দাবিতে সরব VHP! রাবণকে হিরো বানানোর অভিযোগ, সেন্সর বাতিলের ডাক

রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবির প্রদর্শনী অবিলম্বে বন্ধ করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি। সংগঠনের অভিযোগ, এই ছবিতে রাবণকে অহেতুক মহান করে দেখানো হয়েছে। শনিবার একটি লিখিত বিবৃতিতে ভিএইচপির সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া জানান, সব প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শনী বন্ধ করতে হবে। পাশাপাশি ছবির সেন্সর সার্টিফিকেট বাতিল করারও দাবি জানিয়েছেন তিনি।

বজরংলাল বাগড়ার দাবি, ‘রামায়ণ’ সিনেমায় মূলত রাজনৈতিক প্রচার চালানো হয়েছে এবং মহর্ষি বাল্মীকির মূল কাহিনির সঙ্গে ছবির একাধিক ক্ষেত্রে অমিল রয়েছে। বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, অহল্যার শাপমুক্তি বা নিষাদরাজ গুহের সঙ্গে বন্ধুত্বের মতো ঘটনা রামায়ণের অবিচ্ছেদ্য অংশ হলেও ছবিতে সেগুলোর কোনো উল্লেখ নেই।

অহঙ্কারী রাবণকে মহিমান্বিত করে একটি রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন ভিএইচপির সাধারণ সম্পাদক। তাঁর বক্তব্য, জ্ঞান, ভক্তি ও শক্তির শিখরে পৌঁছেও রাবণ ছিলেন নীতিহীন, অথচ সিনেমাতে তাঁকেই কার্যত নায়ক হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। অহঙ্কারের বশে রাবণ সৃষ্টির প্রতিটি জীবের ওপর অত্যাচার চালিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।

বজরংলাল বাগড়ার মতে, ঋষি-মুনিদের সাধনা ও যজ্ঞে বিঘ্ন ঘটানো রাক্ষসদের নিকেশ করতেই শ্রীরাম অভিযান চালিয়েছিলেন। কিন্তু ছবিতে গোটা বিষয়টিকে রাম ও রাবণের ব্যক্তিগত শত্রুতার রূপ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এর ফলে রাম ও রামায়ণে বিশ্বাসী কোটি কোটি হিন্দুর ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে দাবি করে বাগড়া স্পষ্ট জানান, হিন্দুদের ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা সমাজ কখনোই মেনে নেবে না।

উল্লেখ্য, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ এ লেজেন্ড’ ছবিতে রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। নমিত মালহোত্রার সঙ্গে ছবির অন্যতম প্রযোজকও তিনি। গত ৫ নভেম্বর মুক্তির পর থেকে বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ১,৫৭৪.৬০ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *