শারীরিক অবস্থা উদ্বেগজনক! পুজোর আগে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, কেমন আছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী?

তিন বছর ধরে জেলে থাকার পর অবশেষে পুজোর ঠিক আগে কিছুটা স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। আদালতের এই রায়ে তাঁর অনুগামীদের মধ্যে স্বস্তি ফিরলেও, তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।

জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণেই দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পিঠ ও কোমরে ব্যথা, হাঁটতে অসুবিধা এবং বিশেষত ক্রিয়েটিনিন লেভেল ওঠানামা করার কারণে তিনি কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। এই কারণেই তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শারীরিকভাবে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর সপ্তাহখানেক আগেই হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ‘ফিট সার্টিফিকেট’ দিয়েছিল। কিন্তু তিনি আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে চান বলে চিকিৎসকদের কাছে অনুরোধ করেন। সেই কারণে তাঁকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

বর্তমানে তিনি হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় এবার তাঁর মুক্তি নিয়ে সিদ্ধান্ত হতে চলেছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা আবারও পর্যবেক্ষণ করবেন। সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পরই আগামীকাল অথবা পরশুর মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরে জেলে থাকার পর পুজোর মুখে এই জামিন পার্থ চট্টোপাধ্যায়ের জীবনে নিঃসন্দেহে বড় স্বস্তি এনে দিলেও, সুস্থ হয়ে বাড়ি ফেরাটাই এখন প্রধান চ্যালেঞ্জ।