“আমাকে ব্যঙ্গ করা হয়েছে!” আরিয়ানের ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজ নিয়ে ক্ষুব্ধ সমীর ওয়াংখেড়ে, ২ কোটির মানহানির মামলা

বলিউড তারকার পুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যডস অফ বলিউড’ মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এবার এই সিরিজটির বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আইআরএস এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তাঁর অভিযোগ, সিরিজটির একটি চরিত্র তৈরি করা হয়েছে তাঁকে ব্যঙ্গ করার জন্য, যা তাঁর ভাবমূর্তিতে আঘাত হেনেছে।

এই গুরুতর অভিযোগের ভিত্তিতে আরিয়ান খান এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা করেছেন সমীর ওয়াংখেড়ে। তবে তাঁর এই আবেদনে এখনই সাড়া দেয়নি দিল্লি হাইকোর্ট।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব সমীরের আইনজীবীকে প্রশ্ন করেন, এই মামলা দিল্লিতে কীভাবে বহাল রাখা সম্ভব? জবাবে ওয়াংখেড়ের আইনজীবী সন্দীপ শেঠি জানান, ওই ওয়েব সিরিজটি দিল্লির পাশাপাশি একাধিক শহরের জন্য তৈরি এবং সেখানে প্রাক্তন সরকারি অফিসারের মানহানি করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী অভিযোগ সংশোধন করা হবে।

আদালত মামলাকারীর পক্ষের বক্তব্য শোনার পর ওয়াংখেড়েকে তাঁর সংশোধিত আবেদন দাখিল করার জন্য সময় দিয়েছে।

ঠিক কী অভিযোগ এনেছেন সমীর?
এনসিবি-র প্রাক্তন কর্তা সমীরের দাবি, এই ওয়েব সিরিজটি সম্পূর্ণ মিথ্যা, মানহানিকর এবং বিদ্বেষমূলক। তাঁর অভিযোগের মূল বিষয়গুলি হলো:

ব্যঙ্গাত্মক চরিত্র: সিরিজের একটি চরিত্র তাঁকে ব্যঙ্গ করার জন্য তৈরি করা হয়েছে, যা তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

জাতীয় সম্মান ও অশ্লীল ইঙ্গিত: সিরিজের একটি দৃশ্যে দেখা যায় ‘সত্যমেব জয়তে’ উচ্চারণ করার সময় মধ্যমা দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করা হচ্ছে। ওয়াংখেড়ের মতে, জাতীয় সম্মানের বিরুদ্ধে এমন আচরণ গুরুতর অপরাধ এবং ফৌজদারি শাস্তিযোগ্য।

আইনের লঙ্ঘন: তাঁর দাবি, সিরিজে যা দেখানো হয়েছে তা তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারাকে লঙ্ঘন করে।

অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে, এই ওয়েব সিরিজটি ইচ্ছাকৃতভাবে ওয়াংখেড়েকে ছোট করার জন্য এবং ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাঁর মানহানি করার উদ্দেশ্যেই তৈরি।

প্রসঙ্গত, সমীর ওয়াংখেড়ে মানহানির মামলায় ক্ষতিপূরণ বাবদ যে ২ কোটি টাকা চেয়েছেন, তা তিনি ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবার জন্য টাটা মেমোরিয়াল হাসপাতালে দান করতে চান বলে জানিয়েছেন।