“শকুনের মতো ছিঁড়ে খাওয়ার দৃষ্টিতে তাকাতেন!”—স্বঘোষিত ‘বাবা’ চৈতন্যানন্দের যৌন লালসার শিকার ২০ বছরের ছাত্রী

একের পর এক যৌন হেনস্তার অভিযোগের কেন্দ্রে উঠে এসেছেন দিল্লির স্বঘোষিত ‘গুরুঠাকুর’ স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। বর্তমানে ১৭ জন ছাত্রীর যৌন হেনস্তার অভিযোগে তিনি পলাতক। দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্তকুঞ্জে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালাতেন ৬২ বছর বয়সী এই ‘বাবা’।

২০১৬ সালে এক নির্যাতিতা মহিলা তাঁর বিরুদ্ধে যে অভিযোগটি করেছিলেন, তাতে তিনি বর্ণনা করেছেন চৈতন্যানন্দের ভয়ঙ্কর রূপ। ওই মহিলা অভিযোগ করেন, স্বামী পার্থসারথি নামে পরিচিত এই গুরুঠাকুরের চোখ ছিল ‘শকুনের মতো’ এবং তিনি তাঁর দিকে ‘শকুনের মতো ছিঁড়ে খাওয়ার দৃষ্টিতে’ তাকাতেন।

এফআইআর অনুসারে, অভিযোগকারী মহিলার তখন বয়স ছিল মাত্র ২০। শ্রী শারদা ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টে তিনি মাত্র আট মাস পড়েছিলেন। তাঁর অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ক্লাস শেষ হওয়ার পর চৈতন্যানন্দ তাঁকে তাঁর ঘরে ডেকে পাঠাতেন এবং নানাভাবে হেনস্তা করতেন।

ওই মহিলা জানান, বাবা তাঁকে রাতবিরেতে অশ্লীল মেসেজ করতেন, যার কোনোটিতে লেখা থাকত ‘বেবি’, কোনোটিতে ‘সুইট গার্ল’। তাঁর অভিযোগ:

বাবা তাঁকে দুবাইতে পড়ানোর জন্য নিয়ে যেতে চেয়েছিলেন এবং সব খরচ দেওয়ার কথা বলেছিলেন।

তিনি না চাইলেও সংস্থার কর্মীরা তাঁকে চাপ দিত।

বাবা তাঁর মোবাইল ফোন নিজের কাছে রেখে দিতেন এবং হস্টেলে তাঁকে জোর করে একা থাকতে বাধ্য করা হয়েছিল।

বড় হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব

অভিযোগে আরও বলা হয়েছে, চৈতন্যানন্দ তাঁকে বড় হোটেলে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিতেন এবং সেখানে তাঁর সঙ্গে রাতে থাকারও কথা বলতেন। ওই মহিলা জানান, তিনি খুব ভয় পেয়ে গিয়েছিলেন। বাবা তাঁকে সবসময় অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করতেন। মথুরা যেতে রাজি না হয়ে কাউকে কিছু না জানিয়েই তিনি হস্টেল ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। এরপরও স্বামীজির ঘনিষ্ঠ ছাত্রীরা তাঁকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল, কিন্তু তাঁর বাবা তাদের তাড়িয়ে দেন।

পুলিশ রেকর্ড অনুযায়ী, বাবার বিরুদ্ধে ২০০৯ এবং ২০১৬ সালেও অভিযোগ উঠেছিল। কিন্তু প্রভাব ও ক্ষমতা খাটিয়ে তিনি আইনের নাগাল এড়িয়ে যান। এবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও রাজস্থানে ব্যাপক তল্লাশি চালিয়েছে। কিন্তু তাঁর কোনো খোঁজ মেলেনি। তিনি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, তার জন্য লুকআউট নোটিস জারি করা হয়েছে।