চতুর্থ জাপানি ফুটবলার সই করাল ইস্টবেঙ্গল, লাল-হলুদে যোগ দিলেন স্প্যানিশ ক্লাবের তারকা

ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব তাদের শতবর্ষের ইতিহাসে আরও এক নতুন অধ্যায় যোগ করল। বুধবার রাতে লাল-হলুদ ম্যানেজমেন্ট নতুন এক জাপানি ফুটবলার, হিরোশি ইবুসুকি-কে সই করানোর কথা ঘোষণা করেছে। স্পেনের একাধিক নামী ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই জাপানি তারকার। ইস্টবেঙ্গলের হয়ে তিনিই চতুর্থ জাপানি ফুটবলার হিসেবে মাঠে নামবেন।
ইস্টবেঙ্গলের প্রথম জাপানি: আরাতা ইজুমি
ইস্টবেঙ্গলের ইতিহাসে প্রথম জাপানি ফুটবলার ছিলেন আরাতা ইজুমি। ২০০৬-০৭ মরসুমে লাল-হলুদ জার্সি পরে খেলেছিলেন এই মিডফিল্ডার। ইস্টবেঙ্গলের পর তিনি মাহিন্দ্রা ইউনাইটেড, পুণে এফসি এবং মুম্বই এফসি-র মতো ক্লাবে খেলেছেন। পরবর্তীতে তিনি আইএসএল-এ অ্যাটলেটিকো ডে কলকাতা, পুণে সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্সের হয়েও খেলেছেন। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি কোচিং শুরু করেন এবং বর্তমানে আই লিগে ইন্টার কাশীর সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
হিরোশিকে নিয়ে আরাতা
ইস্টবেঙ্গলের নতুন জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকি সম্পর্কে জানতে চাইলে আরাতা বলেন, “আমি ওকে চিনি। ও ভালো ফুটবলার। তবে ওর সম্পর্কে খুব বেশি কিছু জানি না।” আরাতার পর রুইজি সুয়োকা এবং কাতসুমি ইউসা লাল-হলুদ জার্সিতে খেলেছেন। আরও একজন জাপানি ফুটবলারকে ইস্টবেঙ্গলে দেখে আরাতা খুশি হয়ে বলেন, “ইস্টবেঙ্গল ভারতের অন্যতম সেরা ক্লাব। এই ক্লাবে জাপানের ফুটবলাররা খেলতে আসছে, এটা দেখে আমার ভালো লাগছে।”
ভারতের নাগরিকত্ব পাওয়ার পর জাতীয় দলের হয়েও খেলেছেন আরাতা। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, “আইএসএল চালু হওয়ার পর ফুটবলের প্রচার বেড়েছে, ভালো বিদেশি ফুটবলাররা আসছেন। তবে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তরুণ ফুটবলারদের তুলে আনা উচিত। দুর্ভাগ্যবশত ছোটবেলা থেকে তাদের ভালোভাবে তৈরি করা যায় না। এর ফলেই ভারতীয় ফুটবল পিছিয়ে পড়ছে।” তিনি ভবিষ্যতে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন।