“আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি”-‘সেটিং’ বিতর্কে নয়া মোড়, শমীকের মন্তব্যে শোরগোল!

রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সাম্প্রতিক এক মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। সিপিএম ও কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ, তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন আঁতাত রয়েছে। এই আবহে শমীক দাবি করেছেন যে, তৃণমূলের জন্মের সময় বিজেপি-র শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন, যা পরোক্ষে এই ‘সেটিং’ তত্ত্বকে আরও উসকে দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সিপিএম ফের একবার বিজেপি-তৃণমূলের মধ্যে বোঝাপড়ার অভিযোগ তুলেছে।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এমন সময় শমীকের মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি।” যদিও পরে তিনি নিজের মন্তব্য সংশোধন করে বলেন, “আমরা জন্ম দিইনি, জন্মের সময় উপস্থিত ছিলাম। কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রণার সময় লেবার রুমে অটলবিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী না থাকলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো না।” ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেন। দীর্ঘ ২৭ বছরে বাংলার রাজনীতিতে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বারবার বদলেছে।
শমীকের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তাঁর মতে, এটি বিজেপি-র হতাশা ও ব্যর্থতা ঢাকার জন্য কথার মারপ্যাঁচ। পাল্টা সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, শমীকের মন্তব্যে তৃণমূলের জন্মদাতার পরিচয় স্পষ্ট। সেলিম আরও বলেন, বিজেপি রাজ্যে এসে তৃণমূলকে সাহায্য করেছে, আবার তৃণমূল বিজেপিকে। ফলে বাংলার রাজনীতিতে এই দুই দলই একে অপরের পরিপূরক। এই দুই দলের বিরুদ্ধেই সিপিএম লড়াই করবে।