‘রাহুল-স্ট্যালিনকে খুন করা হবে’, দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের হুমকি মেলে বিস্ফোরক তথ্য, তদন্তে বম্ব স্কোয়াড

দিল্লি হাইকোর্টে বোমাতঙ্কের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তিনটি বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে আসা একটি ই-মেইল-এর পর তড়িঘড়ি পুরো আদালত খালি করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। তবে এই হুমকি কেবল বোমাতঙ্কের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে উঠে আসছে এক বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত।

হুমকি দেওয়া ই-মেইলে বলা হয়েছে, দুপুর ২টোর মধ্যে দিল্লি হাইকোর্টের বিচারপতিদের চেম্বার ফাঁকা করে দিতে হবে। ওই ব্যক্তি নিজেকে তেভদিয়া কানিমঝি নামে পরিচয় দিয়ে আরও জানায়, আইইডি কোথায় রাখা আছে এবং তা নিষ্ক্রিয় করার জন্য একটি কোড লাগবে। এর জন্য সত্যবামা সেনগোত্তায়ন নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

হুমকি ই-মেইলটিতে তামিলনাড়ুর রাজ্য রাজনীতি সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে। ই-মেলে দাবি করা হয়েছে, তামিলনাড়ু থেকে কোনও ব্যক্তি বা সংগঠন পাকিস্তানের আইএসআই (ISI)-এর সহযোগিতায় এই ঘটনা ঘটাচ্ছে।

ই-মেইলটিতে আরও বলা হয়েছে, দেশের আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতারা প্রত্যেকেই পরিবারতান্ত্রিক এবং দুর্নীতিগ্রস্ত। এদের মধ্যে সরাসরি নাম উল্লেখ করা হয়েছে রাহুল গান্ধী এবং ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন-এর। পরিবারতান্ত্রিক এই নেতাদের প্রাণে মারারও হুমকি দেওয়া হয়েছে ই-মেইলটিতে। জানা গেছে, চলতি সপ্তাহেই উদয়নিধি স্ট্যালিনের ছেলের উপর অ্যাসিড হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছে।

এই গুরুতর হুমকির পর দিল্লি পুলিশ অন্যান্য নিরাপত্তা সংস্থাকেও সতর্ক করেছে। গোটা আদালত চত্বরে জোরদার তল্লাশি চলছে। এই ঘটনার পেছনে কারা যুক্ত, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।