আর ব্যাঙ্কে যেতে হবে না, মোবাইল থেকেই জমা দিন লাইফ সার্টিফিকেট, জানুন সম্পূর্ণ প্রক্রিয়া?

দেশজুড়ে পেনশনভোগীদের জন্য একটি স্বস্তির খবর নিয়ে এসেছে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ (DoPPW)। আগামী ১লা নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ১,৬০০টি জেলা ও উপ-বিভাগীয় সদর দফতরে একটি বিশেষ ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) অভিযান শুরু করা হচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হল পেনশনভোগীদের বাড়ি থেকে বা বাড়ির কাছাকাছি থেকেই সহজে জীবন শংসাপত্র জমা দেওয়ার সুবিধা দেওয়া, যাতে তাদের ব্যাংক বা সরকারি অফিসে বারবার যেতে না হয়। এই উদ্যোগে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক (IPPB) এবং অন্যান্য প্রধান ব্যাংকগুলি সহযোগিতা করছে।

বিশেষত, ৮০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ পেনশনভোগীদের জন্য একটি বিশেষ সুবিধা চালু করা হয়েছে। তারা আগামী ১লা অক্টোবর, থেকেই নিজেদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন, যাতে শীত আসার আগেই তাদের এই কাজটি সম্পন্ন হয়ে যায়। এর ফলে, তাদের বাইরে যাতায়াত করতে হবে না। এখন থেকে, পেনশনভোগীরা শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে মুখ যাচাইকরণ (Face Authentication) ব্যবহার করে ঘরে বসেই তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। এর জন্য, আপনার স্মার্টফোনে ‘আধার ফেস আরডি’ (Aadhaar Face RD) এবং ‘জীবন প্রমাণ’ (Jeevan Pramaan) অ্যাপ দুটি ইনস্টল করতে হবে। অ্যাপগুলো ইন্সটল করার পর নির্দেশিকা অনুসরণ করে সহজেই আপনি নিজের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।