চোর সন্দেহে কুপিয়ে খুন! ভিনরাজ্যে প্রাণ গেল বাংলার পরিযায়ী শ্রমিকের, শোকের ছায়া নদিয়ায়

ভিনরাজ্যে গিয়ে ফের নিগ্রহের শিকার হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। মারধর, হেনস্থার পর এবার খুন হতে হল এক যুবককে। চোর সন্দেহে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নদিয়ার বেতাই লালবাজার মাঠপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা রাজু তালুকদার (৩৭) প্রায় ৫ মাস আগে তাঁর ভাই-সহ কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে নির্মাণ শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানেই কাজ করত স্থানীয় কিছু শ্রমিক।

গত ২৯ অগাস্ট স্থানীয় শ্রমিকদের একটি মোবাইল চুরি হয়। কোনো প্রমাণ ছাড়াই বাঙালি শ্রমিকদের চোর সন্দেহ করে তাদের উপর চড়াও হয় বিশাখাপত্তনমের শ্রমিকেরা। মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কোপানো হয় রাজুকে। আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেলেও রাজুর অবস্থা গুরুতর হওয়ায় তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রাজুকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেয় পরিবার। কিন্তু বাড়ি ফেরার পথে স্টেশনে নামার আগেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর বাড়িতে পৌঁছাতেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। ময়নাতদন্তের পর শুক্রবার সন্ধ্যায় রাজুর দেহ বাড়িতে এসে পৌঁছনোর কথা রয়েছে। এই ঘটনা আবারও বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল।