আমার মাকে বলা কুকথা সব মায়ের অপমান’, বিহার থেকে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী মোদী

রাহুল গান্ধীর বিহার সফরের সময় তাঁর প্রয়াত মা হীরাবেন মোদীকে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল, এবার সেই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বিহারে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি কংগ্রেস এবং আরজেডি-কে নিশানা করে বলেন, এই ধরনের মন্তব্য শুধু তাঁর মায়ের অপমান নয়, এটি দেশের প্রতিটি মা, বোন এবং মেয়ের অপমান।

ঘটনার সূত্রপাত
ঘটনার শুরু গত সপ্তাহে। রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’-র একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে কিছু লোককে প্রধানমন্ত্রীর প্রয়াত মায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে শোনা যায়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিজেপি এর তীব্র প্রতিবাদ জানায়। এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।

মোদীর আবেগপূর্ণ প্রতিক্রিয়া
মঙ্গলবার বিহার রাজ্য জীবিকা নিধি সাখ সহকারী সঙ্ঘ লিমিটেডের ভার্চুয়াল উদ্বোধনে মোদী বলেন, “আমার মা আমাকে ছেড়ে দিয়েছেন, যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি। আপনারা জানেন, আমার মা আর বেঁচে নেই। যিনি আর নেই, তাঁর সঙ্গে রাজনীতির কোনো যোগ ছিল না। আরজেডি এবং কংগ্রেসের মঞ্চ থেকে তাঁকে নিয়ে কুকথা বলা হলো।”

তিনি আরও বলেন, “রাজপরিবারে জন্ম নেওয়া এই যুবরাজরা (রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব) গরিব মায়ের তপস্যা ও তাঁর সন্তানের যন্ত্রণা বুঝবেন না। তাঁরা মুখে রুপোর চামচ নিয়ে জন্মেছেন। তাঁরা ভাবেন, দেশ ও বিহারের ক্ষমতা তাঁদের পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।”

প্রধানমন্ত্রীর এই মন্তব্য রাজনৈতিক বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছে। এই ইস্যুতে আগামী দিনে কংগ্রেস এবং আরজেডির পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, সেটাই এখন দেখার বিষয়।