পুলিশের সমালোচনা করলেই ‘সমাজবিরোধী’ তকমা! ফিরহাদ হাকিমের মন্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি

পুলিশের বিরুদ্ধে সমালোচনা করলেই এবার ‘সমাজবিরোধী’ হিসেবে চিহ্নিত করা হবে— এমনই বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুলিশ দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, যারা পুলিশের সমালোচনা করে, তারা আসলে ‘সমাজবিরোধী’।
পুলিশের আত্মত্যাগ তুলে ধরে ফিরহাদ বলেন, “পুলিশ যদি শুধু মাইনের জন্য কাজ করত, তাহলে আমরা কেউ নিরাপদে থাকতে পারতাম না। তারা নিজেদের রক্ত ও ঘাম দিয়ে সমাজকে রক্ষা করে।” তিনি আরও বলেন, “যখনই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, কিছু লোক সেই ঘটনাকে অতিরঞ্জিত করে পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করে, তারা আসলে সমাজের শত্রু।”
ফিরহাদ হাকিমের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সম্প্রতি রাজ্যের একাধিক ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন সময় পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি দলীয় কর্মী খুনের ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেছেন।
এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়রের এই ধরনের মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, যেখানে খোদ পুলিশমন্ত্রীই পুলিশের সমালোচনা করছেন, সেখানে মেয়রের এই ‘কড়া সার্টিফিকেট’ কি ভিন্ন কোনো বার্তা দিচ্ছে? নাকি এটি শাসক দলের অভ্যন্তরীণ মতবিরোধের প্রতিফলন?