বাড়ির মেয়ের সঙ্গে প্রেম, মীমাংসার নাম করে ডেকে যুবককে বেধড়ক মারধর! বাঁচাতে গিয়ে আক্রান্ত মা

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তরুণীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনা ঘটেছে মহেশতলায়। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তার মাও। মহেশতলা থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মহেশতলার আকড়া বগা নোয়াপাড়ার বাসিন্দা শেখ রাকিবের সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।গত শুক্রবার তারা দু’জন বাড়ি ছেড়ে পালিয়ে যান। তরুণীর পরিবার তাদের নিখোঁজ হওয়ার ডায়েরি করে।এরপর রাকিবের পরিবার তাদের খুঁজে বের করে এবং থানায় নিয়ে আসে। তখন তরুণীর পরিবার কোনো আইনি ব্যবস্থা নেয়নি এবং আপসে মীমাংসা করে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়।

ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার সকালে তরুণীর তিন মামা মীমাংসার কথা বলে রাকিবকে একটি ক্লাবঘরে ডেকে পাঠান। সেখানে রাকিব গেলে তাকে চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রাকিবের মা তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়।

আহত অবস্থায় রাকিব ও তার মা মহেশতলা থানায় গিয়ে অভিযোগ জানান। পুলিশ তাদের চিকিৎসার জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।