ফের বঙ্গে মোদী! শুক্রে বড় প্ল্যান প্রধানমন্ত্রীর, কী কী করতে চলেছেন? বিশাল চমকের অপেক্ষা!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও পশ্চিমবঙ্গে আসছেন। আগামীকাল, ২২ আগস্ট, তিনি দমদমে একটি সভায় যোগ দেবেন এবং একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন।
সফরসূচি
নয়াদিল্লি সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামীকাল বিকেল সাড়ে ৪টা নাগাদ প্রথমে যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখানে তিনি মেট্রো রেল-সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি মেট্রোতে চেপেই কলকাতা বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে আবার যশোর রোড স্টেশনে ফিরে আসবেন।
এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রধানমন্ত্রী দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানেই বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র মঞ্চ থেকে তিনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রী কলকাতায় মাত্র আড়াই ঘণ্টা থাকবেন, যার মধ্যে ৪৫ মিনিট তিনি বিজেপির রাজনৈতিক সভায় কাটাবেন।
আগের সফরে আক্রমণ
এর আগে ‘অপারেশন সিঁদুর’-এর পর মোদী উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করেছিলেন। সেখানে তিনি কর্মসংস্থান থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলায় এমন একটি সরকার প্রয়োজন, যার হাত ধরে উন্নয়ন আসবে এবং বিজেপি সেই লক্ষ্যে কাজ করছে। আরজি কর এবং কসবার ঘটনা উল্লেখ করে তিনি রাজ্যের নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
রাজনৈতিক মহলের নজর
আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর এই সফর রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি করেছে। উত্তর ও দক্ষিণ কলকাতা-সহ বিভিন্ন জেলার কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি কী বার্তা দেন, সেদিকে সবার নজর রয়েছে। এর আগে আলিপুরদুয়ার ও দুর্গাপুরের সভা থেকে তিনি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেছিলেন। এবারও তিনি তৃণমূলকে নিশানা করে কী বার্তা দেন, সেটাই দেখার বিষয়। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী তাঁর সফরসূচিতে কিছু পরিবর্তনও হতে পারে।