CU-র ৪ ছাত্র ‘বাংলাদেশি’? হিন্দিভাষীদের হাতে তুমুল মারধরের অভিযোগ

এবার খাস কলকাতায় ‘বাংলাদেশি’ তকমা দিয়ে মারধরের অভিযোগ উঠল। বুধবার রাতে শিয়ালদা রেল ব্রিজের নিচে একদল হিন্দিভাষী ব্যবসায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের চারজন ছাত্রকে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্যাম্পাসের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক ছাত্র মোবাইল যন্ত্রাংশ কিনতে শিয়ালদা ব্রিজের নিচে একটি দোকানে গিয়েছিলেন। দাম নিয়ে দোকানদারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। অভিযোগ, দোকানদার তখন ওই ছাত্রকে ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করে।
এরপর ওই ছাত্র তার বন্ধুদের নিয়ে দোকানে ফিরে গেলে আশেপাশের অন্য ব্যবসায়ীরাও তাদের উপর চড়াও হন। তারাও ছাত্রদের ‘বাংলাদেশি’ বলে গালাগালি করতে শুরু করেন এবং তাদের ওপর হামলা চালান। অভিযোগ উঠেছে, হামলাকারীদের কাছে ধারালো অস্ত্রও ছিল।
চার ছাত্র আহত, থানায় অভিযোগ
এই ঘটনায় চারজন ছাত্র গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাতেই আহত ছাত্ররা মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে, যেখানে তাদের ‘বাংলাদেশি’ বলে অপবাদ দেওয়া হচ্ছে। এই নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। এরই মধ্যে কলকাতার মতো শহরে এমন ঘটনা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।