শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল, এখন কেমন আছে তার শারীরিক অবস্থা?

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বুধবার রাতে তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, বুধবার বিকেলে আসানসোল থেকে কলকাতায় ফেরার পরই তিনি অসুস্থ বোধ করেন। সেখানে তাঁর বেশ কয়েকটি কর্মসূচি ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি সেই কর্মসূচি সংক্ষিপ্ত করে কলকাতায় ফিরে আসেন। কয়েকদিন ধরেই তিনি জ্বর, সর্দি-কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন, যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
উল্লেখ্য, এর কিছুদিন আগেই বিজেপির আরেক নেতা তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও গুরুতর অসুস্থ হয়েছিলেন। প্রথমে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে অবস্থার অবনতি হলে দিল্লির এইমস-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছিলেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন।