শনিবার রাত থেকে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকছে কি? স্পষ্ট বার্তায় যা জানিয়ে দিল পুলিশ

মেরামতির কাজের জন্য দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) ২৪ ঘণ্টা বন্ধ রাখার যে ঘোষণা করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত সেতুতে যান চলাচল স্বাভাবিক থাকবে। কলকাতা ট্র্যাফিক পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে কলকাতা পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, কোনা এক্সপ্রেসওয়ে এবং দ্বিতীয় হুগলি সেতুতে জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এই কারণে শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত সেতুটি যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ থাকবে। ভারী পণ্যবাহী গাড়ির চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই সময়ে বিকল্প পথ হিসেবে নিবেদিতা সেতু এবং বিটি রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল।

তবে, শনিবার হাওড়া রিভার ব্রিজ কমিশন (HRBC) এবং হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মেরামতির কাজ শেষ করা সম্ভব নয়। তাই জনগণের সুবিধার কথা বিবেচনা করে সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভবিষ্যতে নতুন করে কাজের সময়সূচি তৈরি করে জানানো হবে।

এর আগে চলতি বছরের জুন মাসেও ১৩, ১৪ এবং ১৫ জুন বিদ্যাসাগর সেতু মেরামতির জন্য বন্ধ রাখা হয়েছিল। জনগণের সুরক্ষার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন, আর সেই কারণেই মাঝে মাঝে সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে দ্বিতীয় হুগলি সেতু বন্ধ হচ্ছে না এবং যান চলাচল স্বাভাবিক থাকবে বলে পুলিশ নিশ্চিত করেছে। এই সিদ্ধান্তে নিত্যযাত্রীরা কিছুটা স্বস্তি পেয়েছেন।