স্বাধীনতা দিবসে নিরাপত্তাহীনতার প্রতীক, বসিরহাটে মহিলার বাড়ির গেটে বোমা

স্বাধীনতা দিবসের সকালে বসিরহাটের নবপল্লি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার বাসিন্দা কাকলি মণ্ডলের বাড়ির গেটে একটি তাজা বোমা ঝুলতে দেখা যায়। স্বামীর অনুপস্থিতিতে একা থাকা এই মহিলার দাবি, কিছু দুষ্কৃতী তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করার জন্য এই কাজ করেছে।
সকালে গেট খুলতেই সন্দেহ, পরে বোমা!
শুক্রবার সকালে ঘুম থেকে উঠে কাকলি মণ্ডল বাড়ির গেট খুলতে গিয়ে দেখেন, গেটের নিচে একটি ক্যারিব্যাগ ঝুলছে। ব্যাগে কিছু একটা ভারী জিনিস রয়েছে দেখে তাঁর সন্দেহ হয়। প্রতিবেশীদের ডাকলে তারা এসে ব্যাগটি পরীক্ষা করে এবং নিশ্চিত হয় যে এটি একটি বোমা। তারা দ্রুত বোমাটিকে গেট থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে রাখেন এবং বসিরহাট থানায় খবর দেন।
দুষ্কৃতীদের অত্যাচারের অভিযোগ
কাকলি মণ্ডলের অভিযোগ, গত কয়েকদিন ধরে কিছু দুষ্কৃতী তাঁর ওপর অত্যাচার করছে। তারা তাঁর বাড়িতে ঢিল ছুড়ছে, বাড়ি ছেড়ে চলে যেতে বলছে এবং বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। তিনি মনে করছেন, এই দুষ্কৃতীদের মধ্যেই কেউ তাঁকে ভয় দেখানোর জন্য এমনটা করেছে, যাতে গেট খুললেই বোমাটি পড়ে ফেটে গিয়ে তাঁর ক্ষতি হয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।