প্রভাত ফেরিতে ভিমরুলের হামলা, অসুস্থ এক শিক্ষকসহ ৩০ জন শিক্ষার্থী! ভর্তি হাসপাতালে

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক প্রভাত ফেরিতে হঠাৎই ভিমরুলের আক্রমণের শিকার হয়েছেন এক শিক্ষকসহ ৩০ জন শিক্ষার্থী। এই ঘটনায় আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে আজ সকালে পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকে।
জানা গিয়েছে, সবং ব্লকের বলপাই পশুপতি সুরেন্দ্র বিদ্যাপীঠ হাইস্কুলের পক্ষ থেকে ব্যান্ড ও বাঁশি সহযোগে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল। মিছিলটি একটি বট গাছের পাশ দিয়ে যাওয়ার সময় আচমকা গাছ থেকে ঝাঁকে ঝাঁকে ভিমরুল উড়ে এসে আক্রমণ করে। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। পালিয়েও শেষ রক্ষা হয়নি, ভিমরুল তাড়া করে তাদের শরীরে হুল ফুটিয়ে দেয়। বিষের যন্ত্রণায় কয়েকজন শিক্ষার্থী রাস্তাতেই অচেতন হয়ে পড়ে।
আহত ৩০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষককে তৎক্ষণাৎ সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা আহতদের দেখতে হাসপাতালে যান এবং অভিভাবকদের পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয়রা ধারণা করছেন, ব্যান্ডের বিকট আওয়াজে বিরক্ত হয়েই হয়তো ভিমরুলেরা আক্রমণ করেছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।