স্বাধীনতা দিবসে সিকিমে চালু হলো বহু প্রতীক্ষিত রিচু বেইলি ব্রিজ, পর্যটকদের হবে সুবিধে

উত্তর সিকিমের মানগান এবং চুংথাং-এর মধ্যে যোগাযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ রিচু বেইলি ব্রিজের উদ্বোধন হয়েছে। রিচু নালার ওপর নির্মিত এই সেতুটি শুক্রবার থেকে পুনরায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় মন্ত্রী ও বিধায়ক সামদুপ লেপচা আজ সকালে এই ব্রিজের উদ্বোধন করেন।

সামদুপ লেপচা জানান, এই ব্রিজটি চালু হওয়ায় মানগান থেকে চুংথাং যাওয়ার পথ অনেক সহজ ও দ্রুত হবে। এতে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। তবে আপাতত এই ব্রিজে শুধুমাত্র ছোট গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ব্রিজের পাশে দেওয়াল তৈরি এবং জলের নিকাশি ব্যবস্থার মতো কিছু কাজ এখনো চলছে। সমস্ত কাজ শেষ হওয়ার পর সব ধরনের গাড়ি চলাচলের জন্য এটি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে।

এই সেতুটি তৈরি করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)। মন্ত্রী সামদুপ লেপচা বলেন, “রাজ্য সরকার এবং বিআরও-এর যৌথ প্রচেষ্টায় এই কাজটি দ্রুত সফল হয়েছে। দেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের সুবিধার জন্য সবাই যে এক সঙ্গে কাজ করেছেন, এই ব্রিজ তারই প্রমাণ।”

উল্লেখ্য, উত্তর সিকিমের সবচেয়ে ধসপ্রবণ এলাকাগুলোর মধ্যে এই স্থানটি অন্যতম। অবিরাম বৃষ্টি এবং বিপজ্জনক ঢালের কারণে এই সেতু নির্মাণ বিআরও-এর জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে স্বাধীনতা দিবসের দিনে এই গুরুত্বপূর্ণ সেতুটি চালু করা সম্ভব হয়েছে।