মেঘভাঙা বৃষ্টিতে দিশাহারা হাজার হাজার চাষি! জলমগ্ন একাধিক গ্রাম, সবজি ও মাছ চাষে বিরাট ধাক্কা

চলতি বছর বর্ষাকালে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে সবজি ও মাছ চাষে ব্যাপক ক্ষতি হয়েছে, যার জেরে দিশাহারা হয়ে পড়েছেন হাজার হাজার চাষি।

বন্যায় তলিয়ে গেছে ফসলের জমি ও মাছের ভেরি
পাতুয়া, মোল্লাডাঙা, চারঘাট, সালুয়া, রসুল, বারঘড়িয়া, ঘোড়াগাছা সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার একর কৃষিজমি জলের নিচে তলিয়ে গেছে। যমুনা, পদ্মা ও ইছামতি নদীর জল বিপদসীমা অতিক্রম করে গ্রামে ঢুকে পড়ায় জনজীবন স্তব্ধ হয়ে গেছে। জলের তলায় থাকায় পচন ধরেছে পাট, ধান, উচ্ছে, পটল, ঝিঙে, পুঁইশাক ও অন্যান্য ফসল।

একইভাবে, বল্লির বিল সহ বিভিন্ন গ্রামের ৩৮টি মাছের ভেরি এবং শত শত পুকুর উপচে মাছ ভেসে গেছে নদী-নালায়। এর ফলে মৎস্যচাষিরা লাখ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। একজন চাষি আক্ষেপ করে বলেন, “সাত বিঘা জমির সব ফসল নষ্ট হয়ে গেল। চড়া সুদে ধার করে চাষ করেছিলাম, এখন কীভাবে টাকা শোধ করব, সেটাই ভেবে পাচ্ছি না।”

প্রশাসনের আশ্বাস
প্রতি বছর বর্ষায় এই ধরনের পরিস্থিতি তৈরি হলেও কার্যকর কোনো সমাধান না হওয়ায় চাষিদের মধ্যে ক্ষোভ বাড়ছে। স্বরূপনগরের বিডিও বিষ্ণুপদ রায় জানান, “এবারে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আগামী সপ্তাহ থেকে প্রতিটি অঞ্চলে ক্যাম্প করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার সবসময় কৃষকের পাশে ছিল এবং থাকবে।”