চাকরি হারিয়ে মানসিক চাপ? ব্রেন স্ট্রোকে মৃত্যু চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষক সুবল সোরেনের

সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুবল সোরেন (৩৫) প্রয়াত হয়েছেন। শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১১ই অগাস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এই ঘটনায় চাকরিহারা শিক্ষকদের মধ্যে শোক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সুবলের দাদা গোপাল সোরেন সংবাদমাধ্যমে জানান, তার ভাই চাকরি হারানোর দুশ্চিন্তা থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সুবলের স্ত্রী সন্ধ্যা সোরেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী একজন যোগ্য শিক্ষক ছিল। সে বারবার বলত, এই চাপ আর নিতে পারছে না।” পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বৌলাসিনি হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন সুবল। সাত বছর ধরে শিক্ষকতার পর নিয়োগ অনিয়মের অভিযোগে ২০১৬ সালের প্যানেল বাতিল হয়ে গেলে তিনি চাকরি হারান।

চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি কৃষ্ণগোপাল চক্রবর্তী বলেন, “এই মৃত্যুর দায় রাষ্ট্রকেই নিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই সুবল আমাদের আন্দোলনের সামনের সারিতে ছিল, কিন্তু পরে সে আর মানসিক চাপ নিতে পারছিল না।”

সুবলের মৃত্যু প্রসঙ্গে দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন, “এটি খুবই দুঃখজনক ঘটনা। ভালো শিক্ষক হিসেবে তিনি পরিচিত ছিলেন। আমরা তার পরিবারের পাশে থাকব। তবে আদালতের এমন নিষ্ঠুর রায় দেওয়ার আগে আরও একবার ভাবা উচিত ছিল।”

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ‘দাগি’ হিসেবে চিহ্নিত না হওয়া শিক্ষকরা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন। এর মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে, যেখানে এই শিক্ষকরাও অংশ নিতে পারবেন।