“ভারতের প্রতিটি স্থানই হবে নিরাপদ”-‘সুদর্শন চক্র’-র ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সুরক্ষায় এক যুগান্তকারী ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় ২০৩৫ সালের মধ্যে ‘সুদর্শন চক্র’ নামে একটি জাতীয় সুরক্ষা ঢাল তৈরি করা হবে। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পটি ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র থেকে অনুপ্রাণিত।

প্রধানমন্ত্রী মোদী বলেন, “মহাভারতে আমরা দেখেছি কীভাবে শ্রী কৃষ্ণ তাঁর সুদর্শন চক্র দিয়ে সূর্যকে ঢেকে দিয়েছিলেন, যাতে অর্জুন তার প্রতিজ্ঞা পূরণ করতে পারে।” একই ভাবে, ভারতের ‘সুদর্শন চক্র’ শত্রুদের প্রতিটি আক্রমণকে প্রতিহত করবে এবং বহুগুণ বেশি শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবে।

প্রধানমন্ত্রী এই মিশনের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “এই মিশনের অধীনে একটি শক্তিশালী অস্ত্র ব্যবস্থা তৈরি করা হবে, যা কেবল শত্রুদের আক্রমণ প্রতিহত করবে না, বরং তাদের ওপর চূড়ান্ত আঘাত হানবে।” তিনি স্পষ্ট করে দেন যে, ‘সুদর্শন চক্র’ মিশনের গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন সম্পূর্ণ ভারতেই করা হবে এবং এর দায়িত্ব থাকবে দেশের যুবক ও বিজ্ঞানীদের হাতে।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা ভারতের মিশন সুদর্শন চক্রের জন্য কিছু মৌলিক নীতিও তৈরি করেছি, যাতে আগামী ১০ বছরে দ্রুততার সঙ্গে এটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই সম্পূর্ণ আধুনিক ব্যবস্থা, এর গবেষণা, উন্নয়ন, এবং উৎপাদন আমাদের দেশেই হওয়া উচিত, এবং আমাদের দেশের যুবকদের দ্বারা তৈরি হওয়া উচিত।” এই ঘোষণা ভারতের জাতীয় নিরাপত্তা এবং স্বনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।