লোকনাথ বাবার জন্মদিনে কচুয়া যাবেন ভাবছেন? স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ রেলের

জন্মাষ্টমী তিথিতে বাবা লোকনাথের জন্মদিন উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের কচুয়ায় আগমনকে কেন্দ্র করে পূর্ব রেল একজোড়া বিশেষ লোকাল ট্রেন চালানোর ঘোষণা করেছে। ১৫ই এবং ১৬ই আগস্ট এই অতিরিক্ত ট্রেনগুলি চালানো হবে, যাতে ভক্তরা নির্বিঘ্নে কচুয়া ধাম পৌঁছাতে পারেন।

এই বিশেষ পরিষেবাটি বারাসত ও হাসনাবাদের মধ্যে চালু থাকবে। ট্রেনটি বারাসত থেকে দুপুর ১২:১৫ মিনিটে ছেড়ে হাসনাবাদে দুপুর ১:৩৮ মিনিটে পৌঁছবে। ফেরার পথে ডাউন স্পেশাল ইএমইউ ট্রেনটি হাসনাবাদ থেকে দুপুর ২:২৫ মিনিটে ছাড়বে এবং বারাসতে পৌঁছবে দুপুর ৩:৪৫ মিনিটে। এই বিশেষ ট্রেনটি বারাসত-হাসনাবাদ শাখার কাঁকড়া মীর্জানগর হল্টের উদ্দেশ্যে যাবে এবং যাওয়া-আসার পথে সব স্টেশনেই থামবে। এই উদ্যোগটি মূলত কচুয়া ধামে বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড় সামলানোর জন্য নেওয়া হয়েছে।

ভক্তদের কাছে বাবা লোকনাথ নামে পরিচিত লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে। তাঁর বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল এবং মায়ের নাম কমলা দেবী। জন্মাষ্টমী তিথিতে তাঁর জন্ম হওয়ায় এই দিনে বহু বাঙালি হিন্দু বাড়িতে বিশেষ করে তাঁর পূজা করা হয়। পূর্ব রেলের এই সিদ্ধান্ত ভক্তদের মধ্যে খুশির আবহ তৈরি করেছে, কারণ এটি তাদের প্রিয় বাবার জন্মদিনে সহজে এবং নিরাপদে কচুয়া ধামে পৌঁছাতে সাহায্য করবে।