দিল্লিতে সাংসদদের জন্য ১৮৪টি বহুতল ফ্ল্যাটের উদ্বোধন করলেন মোদী, কী রয়েছে সেখানে?

সাংসদদের আবাসন সংকট নিরসনের লক্ষ্যে দিল্লিতে নবনির্মিত ১৮৪টি টাইপ-৭ ফ্ল্যাটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি রাজ্যসভার হাউস কমিটির বৈঠকে আবাসন বরাদ্দ নিয়ে বিরোধী সাংসদদের তোপের মুখে পড়ার পর এই উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ।
সোমবার রাজধানীর বাবা খড়ক সিং মার্গে এই নবনির্মিত বহুতল ফ্ল্যাটগুলির উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী মোদী আবাসিক প্রাঙ্গণে একটি সিঁদুর গাছও রোপণ করেন এবং এই নির্মাণ প্রকল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো সংসদ সদস্যদের আবাসনের ঘাটতি মেটানো। প্রতিটি আবাসিক ইউনিটে প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গা রয়েছে, যা সাংসদদের দাপ্তরিক এবং ব্যক্তিগত প্রয়োজনে যথেষ্ট। প্রতিটি ফ্ল্যাটে অফিস, কর্মীদের থাকার ব্যবস্থা এবং একটি কমিউনিটি সেন্টার রয়েছে, যা জনপ্রতিনিধি হিসেবে সাংসদদের কাজকর্মে সহায়তা করবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এই ভবনগুলি অত্যাধুনিক নির্মাণ শৈলীতে তৈরি এবং ভূমিকম্প-নিরোধক। বাসিন্দাদের নিরাপত্তার জন্য একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। পরিবেশগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবস্থা, শক্তি-সাশ্রয়ী ফিটিংস এবং একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যসভার হাউস কমিটির বৈঠকে বিরোধীরা অভিযোগ করেছিল যে, অনেক প্রাক্তন সাংসদ এখনও বাংলো দখল করে আছেন, যার কারণে নতুন নির্বাচিত সাংসদরা আবাসন পাচ্ছেন না। উদাহরণ হিসেবে তৃণমূল কংগ্রেস সাংসদ ইউসুফ পাঠানের কথা তুলে ধরা হয়েছিল, যিনি এখনও কোনো সরকারি বাসভবন পাননি। এছাড়া ডেরেক ও’ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র সাংসদদেরও ছোট ফ্ল্যাটে থাকতে হচ্ছে বলে অভিযোগ করা হয়। নতুন এই ১৮৪টি ফ্ল্যাট নির্মাণ হওয়ায় এই সমস্যা কিছুটা হলেও সমাধান হবে বলে আশা করা হচ্ছে।