২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে SIR নিয়ে চিন্তা কম? জেনেনিন কিভাবে দেখবেন?

বিহারের পর এবার পশ্চিমবঙ্গ-সহ সারা দেশেই ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন হতে চলেছে। এই প্রক্রিয়া নিয়ে এখন ব্যাপক চর্চা চলছে, কারণ বিহারে এই SIR-এর মাধ্যমে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে, যারা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গেও এই মাসের মধ্যেই SIR সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, SIR-এর জন্য এখনও কোনো নির্দিষ্ট নির্দেশিকা তাদের কাছে এসে পৌঁছায়নি। তবে যদি বিহার মডেল অনুসরণ করা হয়, তাহলে ২০০২ সালের বিশেষ নিবিড় সংশোধনীর পর তৈরি হওয়া ভোটার তালিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিহারে নিয়ম ছিল, যদি কারো নাম ২০০৩ সালের তালিকায় থাকে, তাহলে তাকে আলাদা করে কমিশনের নির্দিষ্ট করা ১১টি নথি দেখাতে হবে না।

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০২ সালের বিভিন্ন জেলার ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল ওয়েবসাইট (ceowestbengal.nic.in)-এ আপলোড করা হয়েছে। এর ফলে, যে কোনো ভোটার খুব সহজেই যাচাই করে নিতে পারেন যে ২০০২ সালের সেই তালিকায় তাদের নাম ছিল কি না।

কীভাবে যাচাই করবেন ২০০২ সালের ভোটার তালিকা?

১. প্রথমে ceowestbengal.nic.in ওয়েবসাইটটি খুলুন। ২. হোম পেজে ‘Latest News’ সেকশনে ‘Electoral Roll of SIR 2002’ দেখতে পাবেন। ৩. সেখানে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে। ৪. সেই পেজে ‘ELECTORAL ROLL 2002 (Voter List)’ অপশনটি দেখা যাবে। ৫. এখানে আপনার জেলার নামের উপর ক্লিক করুন। ৬. এরপর আপনার বিধানসভা কেন্দ্রের নাম আসবে, সেখানে ক্লিক করুন। ৭. সবশেষে আপনার পোলিং স্টেশনের নাম খুঁজে বের করে ক্লিক করলে ২০০২ সালের SIR-এর ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, তা দেখতে পাবেন।

বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলার ক্ষেত্রে বিহার মডেল অনুসরণ করা হয়, তাহলে আধার ও ভোটার কার্ড ছাড়াও নির্বাচন কমিশনের নির্দিষ্ট করা ১১টি নথির যেকোনো একটি দেখাতে হতে পারে। এই পরিস্থিতিতে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকাটা অনেকের জন্য একটি স্বস্তিদায়ক বিষয় হতে পারে। ভোটারদের তাই এই সুযোগটি কাজে লাগিয়ে নিজেদের নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।