‘ক্ষুদিরামকে পাঞ্জাবের ছেলে বানিয়ে অপমান’, বিজেপিকে ‘ভাষা-সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ মমতার

বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভাষা সন্ত্রাস নিয়ে ফের সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি হিন্দি ছবিতে ক্ষুদিরাম বসুকে পাঞ্জাবের ছেলে হিসেবে দেখিয়ে তাঁর পরিচয় বিকৃত করার অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনায় তিনি বিজেপিকে ‘ভাষা-সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেছেন।

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (আগের টুইটার) মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি, দেখবে ভারতবাসী… বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম।” এরপরই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সম্প্রতি একটি হিন্দি ছবিতে বিপ্লবী ক্ষুদিরামকে ‘সিং’ বলা হয়েছে। স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন তাঁদের অপমান করা হচ্ছে কেন? পথিকৃৎ অমর বিপ্লবী ক্ষুদিরামকে ধরেও টানাটানি করবে ভাষা-সন্ত্রাসীরা? আমাদের মেদিনীপুরের অদম্য কিশোরকে দেখানো হয়েছে পাঞ্জাবের ছেলে হিসেবে। অসহ্য!”

মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁদের সরকার সবসময় এই মহান বিপ্লবীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে এসেছে। তিনি ক্ষুদিরামের জন্মস্থান মহাবনী এবং তার আশেপাশের অঞ্চলের উন্নয়নে মহাবনী ডেভেলপমেন্ট অথরিটি গঠন করার কথা উল্লেখ করেন। এছাড়াও মহাবনীতে শহীদ ক্ষুদিরামের মূর্তি স্থাপন, পাঠাগার সংস্কার, একটি সুবিশাল অডিটোরিয়াম এবং কনফারেন্স রুম নির্মাণের কথা জানান। দর্শনার্থীদের জন্য আধুনিক কটেজ নির্মাণ এবং ঐতিহ্যবাহী ক্ষুদিরাম পার্কের পুনরুজ্জীবনের কথাও তিনি উল্লেখ করেন। কলকাতায় একটি মেট্রো স্টেশনের নামও এই মহান বিপ্লবীর নামে রাখা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারকে ‘বাঙালি-বিরোধী’ বলে কটাক্ষ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসেও তিনি ‘ভাষা-সন্ত্রাস’ মুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছিলেন। বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে এই বিতর্ক নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর, বিজেপি এবং তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।