বিরাট-রোহিতের পারফরম্যান্সই তাঁদের খেলার মাপকাঠি, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

টেস্ট ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তাঁদের এই সিদ্ধান্তের পর থেকেই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে যে, তাঁরা কি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নেবেন? এই জল্পনার মধ্যেই এবার দুই তারকার ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত জানালেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ইংল্যান্ড সফরে বিরাট ও রোহিতকে ছাড়াই ভারতীয় দল দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ ড্র করেছে। এই তরুণ দলের সাফল্য নিয়ে যখন ক্রিকেট বোর্ড নতুন করে ভাবনা-চিন্তা করছে, তখনই সৌরভ গঙ্গোপাধ্যায় এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের পাশে দাঁড়ালেন।
শহরের একটি অনুষ্ঠানে সৌরভ বলেন, “আমি জানি না কী জল্পনা চলছে। কে খেলবে বা কে খেলবে না বলা কঠিন। ওরা যদি ভালো পারফর্ম করে, খেলা চালিয়ে যাওয়া উচিত।” তিনি আরও বলেন, “কোহলির ওয়ানডে পরিসংখ্যান চোখ ধাঁধানো। তেমনই রোহিতেরও। সাদা বলের ক্রিকেটে দুজনেই দুর্দান্ত।”
সৌরভের মতে, পারফরম্যান্সই একজন ক্রিকেটারের খেলার মাপকাঠি হওয়া উচিত। যেহেতু দুজনেই ওয়ানডেতে ভালো ছন্দে আছেন, তাই তাঁদের খেলা চালিয়ে যাওয়া উচিত।
তবে, জল্পনা চলছে যে, আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজই হয়তো এই দুই তারকার ওয়ানডে কেরিয়ারের শেষ সিরিজ হতে চলেছে।