রাস্তা নেই, খাটিয়ায় করে হাসপাতালে রোগী, মালদহে বিক্ষোভে ফুঁসছে গ্রাম

রাস্তা তৈরির নামে টাকা লোপাটের অভিযোগ তুলে আবারও সেই খাটিয়াতেই রোগী নিয়ে যেতে হলো হাসপাতালে। মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামের এই করুণ চিত্র সামনে এসেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, হাঁটু সমান কাদায় আটকে গেল অ্যাম্বুলেন্স। এরপরই গ্রামের মহিলারা রাস্তায় নেমে তীব্র বিক্ষোভ দেখান।

গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে এই রাস্তার জন্য পঞ্চায়েত থেকে টেন্ডার হয়েছিল। এমনকি একটি বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু কোনো কাজ শুরু হয়নি। এরপর রাতের অন্ধকারে সেই বোর্ডও গায়েব হয়ে যায়। এলাকাবাসীরা প্রশ্ন তুলছেন, রাস্তার কাজের টাকা কোথায় গেল?

এলাকার বাসিন্দারা জানান, বর্ষাকালে গ্রামের রাস্তা এতটাই খারাপ হয়ে যায় যে পায়ে হেঁটেও চলাচল করা অসম্ভব। ফলে পড়ুয়ারা স্কুলে যেতে পারে না এবং প্রসূতি ও অসুস্থ রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়। এদিন গ্রামের এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে তাঁকে খাটিয়া করে মূল রাস্তায় নিয়ে যেতে হয়। এই ঘটনার পরেই গ্রামবাসীরা, বিশেষ করে মহিলারা, ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও তারা ব্লক দফতরে গিয়েছিলেন এবং আধিকারিকদের কাছে আর্জি জানিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। এই পঞ্চায়েতটি তৃণমূল পরিচালিত হওয়ায় বিজেপি এই ঘটনা নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ী বলেন, “ভোট এলেই তৃণমূল নেতারা রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেয়, কিন্তু ভোট চলে গেলে তাদের আর দেখা যায় না।”

যদিও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। তিনি বলেন, “এমন কোনও জায়গা নেই যেখানে উন্নয়ন পৌঁছয়নি। আমরা ওই এলাকায় যাব এবং পরিস্থিতি দেখে ব্যবস্থা নেব।”