রাখির আগের রাতে খুদেকে তুলে নিয়ে গেল চিতা, ভাইয়ের নিথর হাতেই রাখি বাঁধল দিদি

রাখি উৎসবের আগের রাতে মহারাষ্ট্রের নাসিক জেলায় এক মর্মান্তিক ঘটনায় তিন বছরের এক শিশুকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে একটি চিতাবাঘ। ঘটনার পরের দিন, রাখি উৎসবের সকালে, নয় বছরের দিদি তার মৃত ভাইয়ের নিথর হাতে রাখী পরিয়ে দেয়। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে যায়।
নাসিকের ওয়াডনারের দুমালা গ্রামে শুক্রবার রাতে ঘটে এই ঘটনা। রাতে প্রায় সাড়ে আটটা নাগাদ তিন বছর বয়সী আয়ুষ ভগত বাড়ির সামনে খেলা করছিল। সেই সময় একটি চিতাবাঘ তাকে তুলে নিয়ে যায়। প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারেননি। ছেলেকে দেখতে না পেয়ে মা কান্না শুরু করেন। খবর পেয়ে বাবাও দ্রুত বাড়ি ফিরে আসেন।
আয়ুষকে খুঁজতে পরিবারের সদস্যরা এবং গ্রামের মানুষ টর্চ নিয়ে বের হন। বাড়ির কাছে একটি টমেটো ফার্মে রক্তের দাগ দেখতে পেয়ে তারা আশঙ্কার মধ্যে পড়েন। সাথে সাথেই বন দপ্তরে খবর দেওয়া হয়।
বনকর্মী অনিল আহিরো জানান, ১০ জন বনকর্মীর একটি দল আয়ুষকে খুঁজতে নামে। তাদের সঙ্গে ছিল থার্মাল ড্রোন ক্যামেরা। রাত প্রায় ১১টা ৪৫ নাগাদ ড্রোনের মাধ্যমে দেখা যায়, একটি চিতাবাঘ ভগত পরিবারের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঘোরাফেরা করছে। এর পরেই কাছের একটি আখের ক্ষেতে শিশুটির ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়।
শনিবার ছিল রাখি। ছোট্ট দিদি শ্রেয়া তার ভাইয়ের জন্য অনেক পরিকল্পনা করেছিল। কিন্তু সকালের নির্মম দৃশ্য ছিল সাদা কাপড়ে মোড়ানো আয়ুষের নিথর দেহ। হাতে হলুদ, কুমকুম এবং প্রদীপ দিয়ে সাজানো রাখীর থালা নিয়ে সে তার ভাইয়ের হাতে রাখী পরিয়ে দেয় এবং কাঁদতে থাকে। দিদির এই কান্নায় গোটা গ্রামের মানুষের চোখ জলে ভরে ওঠে।