এবার অনাদির স্বাদের মোগলাই পরোটা তৈরী করুন বাড়িতেই, রইল সহজ রেসিপি

কলকাতার স্ট্রিট ফুড মানেই খাদ্যরসিকদের জিভে জল। এগরোল, চাউমিন, চিকেন রোলের পাশাপাশি মোগলাই পরোটা হলো অন্যতম জনপ্রিয় একটি খাবার। অনেকে মনে করেন, বাড়িতে মোগলাই পরোটা বানানো বেশ কঠিন। কিন্তু এটি মোটেও সত্যি নয়। কলকাতার বিখ্যাত অনাদির দোকানের মতো সুস্বাদু মোগলাই পরোটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। জেনে নিন এর সহজ রেসিপি।

উপকরণ:

ময়দা: ২৫০ গ্রাম

ডিম: ৬টি

কিমা সেদ্ধ: ২৫০ গ্রাম

কাঁচালঙ্কা কুচি: ৪টি

পেঁয়াজ কুচি: ২টি

তেল: ৫০০ গ্রাম

নুন: স্বাদমতো

প্রস্তুত প্রণালী:

১. প্রথমে একটি পাত্রে ময়দা নিন। তাতে সামান্য তেল ও স্বাদমতো নুন মিশিয়ে নিন। এরপর একটি ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করুন। ডো-টি নরম ও মসৃণ হলে এক ঘণ্টার জন্য ঢেকে রেখে দিন।

২. এরপর কিমা সেদ্ধ, কাঁচালঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি একসঙ্গে মিশিয়ে নিন।

৩. মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে পাতলা রুটির মতো বেলুন। রুটিটি যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে।

৪. রুটির মাঝখানে কিমার মিশ্রণটি রাখুন। এরপর একটি ডিম ফেটিয়ে মিশ্রণের ওপর ঢেলে দিন।

৫. এবার রুটিটিকে সাবধানে ভাঁজ করুন (খামের মতো করে ভাঁজ করলে দেখতে সুন্দর হয়)।

৬. একটি কড়াইয়ে তেল গরম করুন। তেল গরম হলে ভাঁজ করা পরোটাটি ডুবো তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

৭. গরম গরম মোগলাই পরোটা নিজের পছন্দ অনুযায়ী সালাদ বা সসের সঙ্গে পরিবেশন করুন। এবার অনাদির দোকানের মতো সুস্বাদু মোগলাই পরোটা বাড়িতেই উপভোগ করুন।