দিতিপ্রিয়া-জিতুর বিতর্কে নতুন মোড়, হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে জবাব দিলেন জিতু কমল

সম্প্রতি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের আনা অভিযোগের ভিত্তিতে অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে যে বিতর্ক তৈরি হয়েছিল, তাতে এবার নতুন মোড় এসেছে। দিতিপ্রিয়া জিতুর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ঠাট্টা-মশকরা এবং ‘তুমি কি প্রেগন্যান্ট’ জাতীয় মন্তব্যের অভিযোগ তুলেছিলেন। এর জবাবে মঙ্গলবার জিতু কমল তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ কথোপকথনের একগুচ্ছ স্ক্রিনশট প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
ফেসবুকে স্ক্রিনশটগুলো শেয়ার করে জিতু লেখেন, “নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনরকম মতামত দিই না, কিন্তু এটা তো নিছক ব্যক্তিগত নয়। এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা।” তিনি দিতিপ্রিয়াকে ‘ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে’ বলে উল্লেখ করেন এবং বলেন যে সে যা করেছে, তার গভীরতা সে নিজেও হয়তো বোঝে না।
প্রকাশিত চ্যাটগুলোতে দেখা যায়, কথোপকথন শুরু করেন দিতিপ্রিয়াই। তিনি ‘হাই আমি দিতিপ্রিয়া’ লিখে জিতুকে মেসেজ পাঠান। চ্যাটের এক পর্যায়ে জিতু একটি AI-নির্মিত ‘চুমু’র ছবি নিয়ে কথা তুললেও, দিতিপ্রিয়া তার উত্তরে স্মাইলি ইমোজি দেন। যখন জিতু ঠাট্টা করে বলেন, “তোমার প্রেমিককে দেখাও, এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে,” দিতিপ্রিয়া জবাবে লেখেন, “আমরা একসঙ্গে বসেই দেখছি।”
বিতর্কের মূল বিষয়, ‘প্রেগন্যান্সির’ মন্তব্যটি নিয়েও চ্যাট প্রকাশ করেছেন জিতু। সেখানে দেখা যায়, মায়ের দাঁতের ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলার পরই দিতিপ্রিয়া মুখে ব্যঙ্গাত্মক ইমোজি পাঠান। এরপরও তারা অনেকক্ষণ কথা চালিয়ে গেছেন। জিতু যখন জিজ্ঞাসা করেন, দিতিপ্রিয়া রাগ করেছে কি না, তখন দিতিপ্রিয়া জবাবে লেখেন, “তোমাকে আমি সিরিয়াসলি নিই না কখনো…”।
চ্যাটের অন্যান্য অংশে দেখা যায়, দিতিপ্রিয়া একবার জিতুকে সেটে কথা না বলার কারণ জিজ্ঞাসা করলে জিতু জানান, তিনি সেটের রাজনীতি এবং অবাঞ্ছিত লোকচর্চা এড়াতে চান, বিশেষ করে দিতিপ্রিয়ার মায়ের যাতে খারাপ না লাগে। জিতু বারবার বলেছেন, দিতিপ্রিয়ার মা সামনে না থাকলে তিনি কথা বলবেন কারণ তিনি ‘ভয় পান’। চ্যাট থেকে স্পষ্ট যে, জিতুই বেশিরভাগ সময় ঠাট্টা-ইয়ার্কি করেছেন এবং দিতিপ্রিয়াও কখনো হেসে, কখনো পাল্টা মস্করা করে সেই আলোচনা চালিয়ে গেছেন।
জিতু তার পোস্টে আরও বলেন, “ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয়,” তবে তিনি বিশ্বাস করেন দিতিপ্রিয়া নিরপরাধ এবং তাকে পেছন থেকে ‘প্রবঞ্চনা’ দেওয়া হচ্ছে। তিনি দিতিপ্রিয়ার প্রেমিককে উদ্দেশ্য করে বলেন, “এনাকে যত্ন করে রাখবেন প্লিজ, হাতছাড়া করবেন না, আপনি রত্ন পেয়েছেন।” এই পোস্টের মাধ্যমে জিতু নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছেন এবং একইসঙ্গে দিতিপ্রিয়াকে সমর্থনও জানিয়েছেন।