জলাবদ্ধতা নিয়ে ক্ষুব্ধ জনতা, রাজপুর-সোনারপুর পৌরসভা ঘেরাও

গত চার বছর ধরে হাঁটুসমান জলে ডুবে থাকার প্রতিবাদে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নিশ্চিন্তপুরের বাসিন্দারা মঙ্গলবার পৌরসভা ঘেরাও করেন। কয়েকশো মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন এবং স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে স্লোগান দেন।
এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টির জল জমে থাকার কারণে প্রায় দুই হাজার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। জমে থাকা জলে রোগ, দুর্গন্ধ এবং সাপের উপদ্রব বেড়েছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। তাদের স্লোগানে বারবার উঠে আসে, “উন্নয়নের টাকা কোথায় গেল? জবাব দাও।”
বিক্ষোভকারীরা জানান, গত চার বছরে কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। না আছে কোনো ড্রেনেজ ব্যবস্থা, না আছে জল বের করার পাম্পিং ব্যবস্থা। এর ফলে শিশুরা অসুস্থ হচ্ছে, কর্মহীন মানুষ বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন এবং বৃদ্ধরা ঘরছাড়া হচ্ছেন। কাউন্সিলর শুধু আশ্বাস দিয়েছেন, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেননি।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, “এলাকায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জল জমে থাকে। ড্রেনেজ তৈরির জন্য ২-৩ কোটি টাকার প্রয়োজন, যা পৌরসভার সীমিত ক্ষমতার কারণে দ্রুত করা সম্ভব হচ্ছে না।” তবে এই জবাবে বিক্ষোভকারীরা সন্তুষ্ট নন। তারা স্পষ্ট জানিয়ে দেন, “আমাদের চার বছরের দুর্ভোগের জবাব চাই। আর আশ্বাস নয়, এবার কাজ চাই। কাজ না হলে গণআন্দোলন চলবে।” এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।