“হয় পুরো গাজা দখল করুন, নয়তো ইস্তফা দিন”-সেনাপ্রধানকে কড়া বার্তা নেতানিয়াহুর

গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে, যদি জামিরের পুরো গাজা উপত্যকা দখলের পরিকল্পনা না থাকে, তবে তার পদত্যাগ করা উচিত।

জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রী এক লিখিত বার্তায় সেনাপ্রধানকে বলেছেন, “আমাদের লক্ষ্য হলো পুরো গাজা উপত্যকা দখল করা। এর জন্য আমাদের গাজার সর্বত্র অভিযান চালাতে হবে। এমনকি যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রাখা হয়েছে বলে আমরা সন্দেহ করছি, সেখানেও অভিযান চালানো অপরিহার্য। যদি আমাদের এই লক্ষ্য আপনার পছন্দ হয়, তবে দায়িত্ব পালন করুন; অন্যথায় পদত্যাগ করুন।”

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেন। তিনি সে সময় বলেছিলেন যে, হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার যে প্রধান সামরিক লক্ষ্য ছিল, তা পূরণ না হওয়ায় তিনি পদত্যাগ করছেন। তার পদত্যাগের দুই মাস পর, মার্চ মাসে লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামির নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে যে, আজ মঙ্গলবার সকালে নেতানিয়াহু মন্ত্রিসভার একটি বর্ধিত বৈঠক ডেকেছেন। এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হলো গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি।

নেতানিয়াহুর এই বার্তার প্রতিক্রিয়ায় হামাস গোষ্ঠী জানিয়েছে, তারা এটিকে গুরুত্ব দিচ্ছে না। হামাসের এক মুখপাত্র বলেন, “তার মূল লক্ষ্য যে পুরো গাজা দখল করা, তা আমরা আগে থেকেই জানি।”