‘অকৃতজ্ঞ’ মহুয়াকে নিশানা করে কল্যাণের পোস্ট, পুরোনো ভিডিও দিয়ে জনগণের কাছে চাইলেন ক্ষমা

তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে (পূর্বের টুইটার) একটি আবেগঘন পোস্ট করে মহুয়াকে ‘অকৃতজ্ঞ’ বলে আক্রমণ করেছেন। তিনি মহুয়ার পাশে দাঁড়ানোর জন্য জাতির কাছে ক্ষমাও চেয়েছেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর পোস্টে ২০২৩ সালের একটি ঘটনার কথা তুলে ধরেন। সে সময় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হয়েছিল। সেই সময়ে মহুয়ার হয়ে সংসদে জোরালো সওয়াল করেছিলেন কল্যাণ। এদিন সেই ঘটনার একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “২০২৩ সালে সংসদে যখন শ্রীমতি মৈত্র সমালোচনার মুখে পড়েছিলেন, তখন আমি তাঁর পাশে দাঁড়িয়েছিলাম। বাধ্যবাধকতায় নয়, দৃঢ় বিশ্বাসের কারণে ওঁর পাশে দাঁড়িয়েছিলাম।”

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও লেখেন, “আর আজ, তিনি আমাকে একজন নারী-বিদ্বেষী বলে সেই সমর্থনের প্রতিদান দিচ্ছেন। যাঁর মৌলিক কৃতজ্ঞতার অভাব রয়েছে, তাঁকে রক্ষা করার জন্য আমি জাতির কাছে ক্ষমা চাইছি।” এই মন্তব্যের মাধ্যমে তিনি মহুয়ার সাম্প্রতিক আক্রমণের জবাব দিয়েছেন।

ভিডিওটিতে দেখা যায়, কল্যাণ লোকসভায় অধ্যক্ষ ওম বিড়লার কাছে বারবার মহুয়ার পক্ষে কথা বলার জন্য সময় চাইছেন। তিনি মহুয়াকে বহিষ্কারের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলেও মন্তব্য করেন।

প্রসঙ্গত, গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের বৈঠকে দলের দুই সদস্যের সংঘাত বরদাস্ত করা হবে না বলে ইঙ্গিত দেন। এরপরই লোকসভায় দলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ। ওই বৈঠকের পরেই তিনি মহুয়াকে আক্রমণ করে বলেন, “ভাল ভাল শাড়ি পরলেই তো আর বড় কেউ হওয়া যায় না।” এই ঘটনার পর আজ আবারও তিনি মহুয়াকে নিশানা করলেন। এখন দেখার বিষয়, মহুয়া মৈত্র এর কী জবাব দেন।