ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা ভেঙে ঢুকে গেল ১০ লিটারের জলের ট্যাঙ্কার, দেখুন ভিডিও

তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে এক ভয়াবহ দুর্ঘটনায় রাস্তা ভেঙে একটি ১০ হাজার লিটারের জলের ট্যাঙ্কার গর্তে ঢুকে গেছে। মঙ্গলবার সকালে বানজারা হিলস এলাকার মহেশ্বরী চেম্বারের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও, রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই রাস্তাটির একটি অংশ ধসে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল বিশাল আকারের জলের ট্যাঙ্কারটি। রাস্তা ভেঙে যাওয়ায় ট্যাঙ্কারটি ভারসাম্য হারিয়ে গর্তের মধ্যে ঢুকে যায়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। তবে যেহেতু ট্যাঙ্কারটি অত্যন্ত ভারী এবং রাস্তা পুরোপুরি ভেঙে গেছে, তাই উদ্ধারকাজে কিছুটা সময় লাগছে। ট্যাঙ্কারের চালক অক্ষত রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনার কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করার কথা জানানো হয়েছে।