‘তুমি কি প্রেগন্যান্ট?’ জিতুর প্রশ্নে রেগে আগুন দিতিপ্রিয়া, জবাবে যা বললেন অভিনেত্রী?

জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর অনস্ক্রিন জুটি দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের মধ্যে বাস্তব জীবনে সম্পর্ক ভালো নয়, এমন গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। এবার সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হলো, যখন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় নাম না করে তার সহ-অভিনেতা জিতু কমলের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনলেন। দিতিপ্রিয়ার এই বিস্ফোরক অভিযোগের পর টালিউড পাড়ায় নতুন করে তোলপাড় শুরু হয়েছে।
দিতিপ্রিয়া নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে, একটি ছবি পোস্ট করা নিয়ে বিতর্কের সূত্রপাত। প্রোডাকশন টিমের দেওয়া একটি ছবি জিতু কমল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। ছবিটি দিতিপ্রিয়ার পছন্দ না হওয়ায় তিনি প্রোডাকশন টিমকে জানান, কারণ তার মতে ছবিটি ‘ইনঅ্যাপ্রোপ্রিয়েট’ ছিল। এর পর ছবিটি ডিলিট করা হয়। দিতিপ্রিয়ার অভিযোগ, এরপর জিতু বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে, ছবিটিতে খারাপ মন্তব্যের কারণে দিতিপ্রিয়া কষ্ট পেয়েছেন, অথচ দিতিপ্রিয়া কখনও এমন কিছু বলেননি।
দিতিপ্রিয়ার আরও অভিযোগ, প্রথম এক মাস পর থেকেই জিতু কমল তার সঙ্গে সেটে কথা বলা বন্ধ করে দেন, শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন। যখন কারণ জানতে চাওয়া হয়, তখন জিতু বলেন যে তিনি দিতিপ্রিয়ার মাকে ভয় পান। এরপর দিতিপ্রিয়া কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করেন, যা তাকে অস্বস্তিতে ফেলেছিল। একটি অনুষ্ঠানে যাওয়ার প্রসঙ্গে জিতু তাকে ‘আপনি কি গর্ভবতী?’ বলে প্রশ্ন করেন। এছাড়াও, একটি এআই-জেনারেটেড ছবিতে তাদের চুম্বনরত অবস্থায় দেখে জিতু সেই ছবিটি দিতিপ্রিয়াকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও। এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে।”
এই ধরনের মন্তব্য ও আচরণ তাকে ক্রমাগত অস্বস্তিতে ফেলেছে বলে দিতিপ্রিয়া দাবি করেন। তিনি বলেন, জিতু তাকে তার মায়ের কাছ থেকে লুকিয়ে কথা বলতেও বলেছিলেন। দিতিপ্রিয়া আরও লেখেন যে, এত দিন তিনি চুপ ছিলেন কারণ তিনি কাজের ক্ষতি করতে চাননি। তার পরিবার তাকে এই ধরনের বিষয় নিয়ে বিতর্ক করতে শেখায়নি। কিন্তু যখন বারবার একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তিনি মুখ খুলতে বাধ্য হন।
দিতিপ্রিয়ার এই পোস্টে তার সহ-অভিনেতার প্রতি যে ক্ষোভ প্রকাশ পেয়েছে, তা স্পষ্ট। যদিও তিনি জিতু কমলের নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু ‘কো-অ্যাক্টর’ শব্দটির ব্যবহার থেকে বোঝা যায় যে তিনি জিতুকেই ইঙ্গিত করছেন। সম্প্রতি জিতু কমল একটি লাইভ ভিডিওতে দিতিপ্রিয়াকে ‘অত্যন্ত শ্রদ্ধার’ চোখে দেখেন বলে মন্তব্য করেছিলেন। কিন্তু দিতিপ্রিয়ার এই পোস্ট তার সেই মন্তব্যের সম্পূর্ণ বিপরীত চিত্র তুলে ধরল। এই ঘটনার পর ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালের সেটের পরিবেশ ও দুই অভিনেতার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।