বাঙালি অস্মিতার পাল্টা রণকৌশল, বঙ্গ BJP-কে অমিত শাহের বিশেষ বার্তা

আসন্ন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় রণকৌশল চূড়ান্ত করতে দিল্লিতে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সংসদ ভবনে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সূত্রের খবর, তৃণমূলের ‘বাঙালি অস্মিতা’ এবং ‘বহিরাগত’ তত্ত্বের মোকাবিলা করার জন্য পাল্টা কৌশল তৈরির নির্দেশ দিয়েছেন শাহ।

অমিত শাহের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি.এল. সন্তোষ, বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে এবং সতীশ ধুন্দ। এছাড়াও আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীও উপস্থিত ছিলেন।

দেড় ঘণ্টার এই বৈঠকে শাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বিজেপি যে বাংলা-বিরোধী নয়, তা সর্বস্তরের প্রচারে তুলে ধরতে হবে। তৃণমূল একুশের নির্বাচনে ‘বহিরাগত’ ইস্যুকে যেভাবে কাজে লাগিয়েছিল, তা যাতে আর ফিরে না আসে, সেই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

শাহ আরও নির্দেশ দেন, তৃণমূল কোনো নতুন রাজনৈতিক ন্যারেটিভ তৈরির চেষ্টা করলে তার জোরালো জবাব দিতে হবে। তিনি লোকসভা নির্বাচনে সামান্য ব্যবধানে হেরে যাওয়া আসনগুলিতে বুথ কমিটি গঠনের কাজ দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন।

বৈঠকে সিএএ (CAA) ইস্যুও গুরুত্ব পায়। কেন্দ্রীয় নেতৃত্ব সিএএ হেল্প ডেস্কগুলোতে কোনো গাফিলতি না রাখার বার্তা দিয়েছেন। সম্প্রতি শান্তনু ঠাকুরকে মতুয়া সম্প্রদায়ের মানুষদের এই হেল্পডেস্কে আসার আহ্বান জানাতে দেখা গিয়েছিল।

বৈঠকের পর দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন শাহ। সোমবার রাতেই কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বাংলার নেতাদের ভার্চুয়াল বৈঠক হয়। এরপর জেলা সভাপতিদের সঙ্গেও বৈঠক করা হয়। জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্য জুড়ে ‘তিরঙ্গা যাত্রা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল যখন ‘এসআইআর’ (SIR) ইস্যু নিয়ে সরব, তখন বিজেপি তিরঙ্গা যাত্রাকে পাল্টা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

এই বৈঠকের ফল পর্যালোচনা করতে মঙ্গলবার সকালে শমীক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার পুনরায় অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে পারেন। তৃণমূলের রাজনৈতিক আক্রমণের মোকাবিলায় বিজেপির নতুন রণকৌশল কতখানি কার্যকর হবে, এখন সেটাই দেখার।