পহেলগাঁও হামলায় পাক যোগের অকাট্য প্রমাণ, জঙ্গিদের কাছ থেকে মিলল পাকিস্তানি ভোটার কার্ড ও চিপ

২৮শে জুলাই পহেলগাঁওতে হওয়া জঙ্গি হামলায় পাকিস্তানের প্রত্যক্ষ যোগ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ‘অপারেশন মহাদেব’ চলাকালীন যৌথ বাহিনীর হাতে নিকেশ হওয়া তিন লস্কর জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে পাকিস্তানি ভোটার কার্ড, ভোটার স্লিপ, করাচিতে তৈরি চকোলেট, বায়োমেট্রিক রেকর্ড সহ এসডি চিপের মতো অকাট্য প্রমাণ। সেনা সূত্রে এই তথ্য জানানো হয়েছে।
সেনা সূত্রে খবর, নিকেশ হওয়া জঙ্গিরাই পহেলগাঁওতে এই হামলা চালিয়েছিল। তাদের কাছ থেকে যে সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে, তাতে পাকিস্তানের জড়িত থাকার বিষয়টি আর কোনো সন্দেহের অবকাশ রাখছে না। নিহত জঙ্গি সুলেমান শাহ এবং আবু হামজার পকেট থেকে দুটি ল্যামিনেটেড ভোটার স্লিপ পাওয়া গেছে। এই স্লিপ দুটির ভোটার সিরিয়াল নম্বর যথাক্রমে NA-125 (লাহোর) এবং NA-79 (গুজরানওয়ালা)। সেনা দাবি করছে, এই স্লিপ দুটি পাকিস্তানের নির্বাচন কমিশন দ্বারা ইস্যু করা হয়েছে।
শুধু তাই নয়, জঙ্গিদের কাছ থেকে ন্যাশনাল ডেটাবেস ও রেজিস্ট্রেশন অথরিটির স্মার্ট আইডি চিপও উদ্ধার করা হয়েছে। এই চিপের তথ্য বিশ্লেষণ করে সেনা নিশ্চিত হয়েছে যে, জঙ্গিরা পাকিস্তানি নাগরিক। ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে জানা গেছে, এই তিন জঙ্গির বাড়ি চাঙ্গা-মঙ্গা এবং কৈয়ান গ্রামে। জঙ্গিদের স্যাটেলাইট ফোন থেকে একটি মাইক্রো এসডি কার্ডও পাওয়া গেছে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, তাদের পকেটে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদে তৈরি চকলেটের মোড়কও ছিল।
এর পাশাপাশি, বৈসরণের উপত্যকা, যেখানে জঙ্গি হামলা হয়েছিল, সেখান থেকে উদ্ধার হওয়া শেলের কেসের মার্কিংয়ের সঙ্গে জঙ্গিদের কাছ থেকে পাওয়া একে-১০৩ রাইফেলের মার্কিং মিলে গিয়েছে। এই সমস্ত প্রমাণাদি একত্রিত করে ভারতীয় সেনা নিশ্চিত যে, পহেলগাঁও জঙ্গি হামলার নেপথ্যে পাকিস্তানের সরাসরি মদদ ছিল।