তৎকাল টিকিট বুক করবেন? জেনেনিন IRCTC-র সঙ্গে কিভাবে লিঙ্ক করবেন আধার

ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে এক বড় পরিবর্তন এনেছে। ১লা জুলাই, ২০২৫ থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুসারে, তৎকাল টিকিট বুকিং করতে হলে আপনার IRCTC অ্যাকাউন্টের সাথে আধার নম্বর বাধ্যতামূলকভাবে লিঙ্ক করা থাকতে হবে। আধার লিঙ্ক করা না থাকলে আর তৎকাল টিকিট বুক করা যাবে না।

আধার লিঙ্কের সহজ প্রক্রিয়া:
IRCTC অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করানোর প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং কয়েকটি ধাপে এটি সম্পন্ন করা যাবে:

প্রথমে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।

লগ ইন করার পর ‘My Profile’ অপশনে যান। সেখানে আপনি ‘আধার KYC’ বিকল্পটি দেখতে পাবেন।

‘আধার KYC’ বিকল্পে ক্লিক করার পর আপনার ১২-সংখ্যার আধার নম্বরটি প্রবেশ করান।

আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) আসবে।

প্রাপ্ত OTP টি নির্দিষ্ট স্থানে এন্টার করে আপনার আধার নম্বর ভেরিফাই করুন।

একবার আধার নম্বর ভেরিফাই হয়ে গেলে আপনার IRCTC অ্যাকাউন্টটি তৎকাল টিকিট বুকিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে।

আধার অথেনটিকেশন স্টেটাস যাচাই:
আপনি চাইলে আপনার আধার অথেনটিকেশন স্টেটাসও সহজে পরীক্ষা করতে পারবেন। এর জন্য আপনাকে ‘My Account’ বিকল্পে যেতে হবে। যদি আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে লিঙ্ক হয়ে থাকে, তাহলে আপনি একটি সবুজ টিক (Green Tick) দেখতে পাবেন, যা নিশ্চিত করবে যে আপনার আধার নম্বর IRCTC অ্যাকাউন্টের সাথে সফলভাবে লিঙ্ক হয়েছে।

IRCTC-এর তথ্য অনুযায়ী, দেশে তাদের ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটিরও বেশি। তাৎপর্যপূর্ণভাবে, এই বিশাল সংখ্যক ব্যবহারকারীর মধ্যে মাত্র ১০ শতাংশই এখন পর্যন্ত আধার ভেরিফায়েড। এমন পরিস্থিতিতে, তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে রেল এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এই নতুন নিয়ম শুধুমাত্র আধার ভেরিফায়েড IRCTC অ্যাকাউন্টগুলিকেই অনলাইনে তৎকাল টিকিট বুক করার অনুমতি দেবে, যা কালোবাজারি রোধে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।