“শরিক দল নয়, পরবর্তী উপরাষ্ট্রপতি হবেন বিজেপি থেকেই”-জানাচ্ছে সূত্র

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক পদত্যাগের পর দিল্লির রাজনৈতিক মহলে পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছে। প্রথমে ধারণা করা হচ্ছিল, এনডিএ জোটের কোনো বর্ষীয়ান নেতা এই গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। কিন্তু সাম্প্রতিক সূত্র বলছে, বিজেপি তার কৌশল পরিবর্তন করেছে। এবার কোনো শরিক দলের নেতা নয়, বরং বিজেপির মূল ভাবধারা ও শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ কাউকেই উপরাষ্ট্রপতির পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদীয় রাজনীতিতে উপরাষ্ট্রপতি পদটি কেবল একটি সাংবিধানিক পদ নয়, এটি রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও বহন করে। এই পদটির গুরুত্ব অপরিসীম। তাই বিজেপি সূত্র থেকে জানা গেছে, এই গুরুত্বপূর্ণ পদে কোনো শরিক নেতাকে বসিয়ে রাজনৈতিক ঝুঁকি নিতে রাজি নয় গেরুয়া শিবির। বরং এমন একজন নেতাকে এই দায়িত্ব দেওয়া হবে, যিনি দলের প্রতি সম্পূর্ণ অনুগত এবং বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত।

কয়েকদিন ধরে রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিং অথবা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বা জেডিইউ নেতা রামনাথ ঠাকুরের মতো শরিক নেতাদের নাম আলোচনায় আসছিল। তবে বিজেপির নতুন কৌশল অনুযায়ী, এই নামগুলি এখন গুরুত্ব হারাচ্ছে। গেরুয়া শিবিরের লক্ষ্য এখন দলের এমন একজন শক্তিশালী ব্যক্তিত্বকে এই পদে আনা, যিনি বিজেপির সংসদীয় নীতি এবং কৌশলকে কার্যকরভাবে পরিচালনা করতে সক্ষম হবেন।

সংবিধান অনুযায়ী উপরাষ্ট্রপতির পদ বেশিদিন খালি রাখা যায় না। তাই এই পদে দ্রুত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বুধবার নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরির কাজ চলছে। দ্রুতই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। বিজেপি এখন কাকে এই গুরুত্বপূর্ণ পদে বেছে নেয়, সেটাই এখন দেখার বিষয়।