“যে দিন পশ্চিমবঙ্গের পুরোনো গৌরব…”-হরিয়ানার রাজ্যপাল হয়ে বাংলা নিয়ে যা বললেন অসীম

পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতির পদ সামলানোর পর এবার তিনি ভিন রাজ্যের সাংবিধানিক প্রধানের দায়িত্ব নিতে চলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার হরিয়ানার ১৯তম রাজ্যপাল হিসেবে হাওড়ার বাসিন্দা অসীম ঘোষের নাম ঘোষণা করেছেন।

এই খবর প্রকাশ্যে আসার পরেই অসীম ঘোষ নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “বড় দায়িত্ব। সাংবিধানিক পদ। সংবিধান মেনে কাজ করতে হয়। মুখ্যমন্ত্রী (নয়াব সিং সাইনি), অন্যান্য মন্ত্রী, আমলাদের সহায়তা করব। হরিয়ানার উন্নতির জন্য মুখ্যমন্ত্রীকে সঠিক উপদেশ দেওয়ার চেষ্টা করব।”

৩৮ বছর অধ্যাপনার পর প্রায় ১৫ বছরের রাজনৈতিক জীবন কাটিয়ে এবার অসীম ঘোষ এক সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। তিনি আরও জানান, “হরিয়ানা পৌঁছে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করব। তাঁকে কী ভাবে সাহায্য করা যায়, যাতে হরিয়ানার আরও উন্নতি হয়, সেই চেষ্টা করব। হরিয়ানার শিক্ষাক্ষেত্রে উন্নতি বিশেষত মেয়েদের শিক্ষার প্রসার, আদিবাসী, অন্যান্য জনজাতিদের উন্নতির বিষয়ে খেয়াল রাখব।”

হাওড়ায় জন্ম নেওয়া অসীম ঘোষ, রাজ্যে বিজেপির উত্থানের অনেক আগেই দলের রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন। বাম আমলের রাজনৈতিক পরিস্থিতি তিনি কাছ থেকে দেখেছেন। তপন শিকদারের পরবর্তী সময়ে তাঁর আমলে বিজেপির সংসদীয় রাজনীতিতে তেমন বড়সড় উত্থান হয়নি। গত দশ বছর তিনি সক্রিয় রাজনীতিতে না থাকলেও রাজ্য রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।

নিজের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে অসীম ঘোষের মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, “আমি সেই দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন পশ্চিমবঙ্গ তার পুরোনো গৌরব ফিরে পাবে। আজকে রাজ্যে অনেক সমস্যা। এখন যে কালো দিন, তার একদিন অবসান হবে। মেয়েরা নিশ্চিন্তে, নিরাপদে স্কুল-কলেজে যেতে পারবে, বাবা-মাকে চিন্তা করতে হবে না। আগে বাংলায় শিল্পের যে সুদিন ছিল, তা ফিরিয়ে আনার জন্য শাসক-বিরোধী সকলে চেষ্টা করবে। এটা সকলের দায়িত্ব।”

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি অসীম ঘোষ এখনও রাজ্যপাল পদে শপথ নেওয়ার সরকারি চিঠি হাতে পাননি। রাষ্ট্রপতি দপ্তর থেকে চিঠি এলেই তিনি হরিয়ানা রওনা দেবেন। তবে অসীম ঘোষ স্পষ্ট জানিয়েছেন, “হরিয়ানায় গিয়ে কাজ করতে হলেও মনে পড়ে থাকবে পশ্চিমবঙ্গেই।”

বিজেপির প্রাক্তন সভাপতির রাজ্যপাল হওয়ার ধারা
উল্লেখ্য, অসীম ঘোষের আগেও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিরা ভিন রাজ্যের রাজ্যপাল হয়েছেন। ১৯৯৯ সালে বিষ্ণুকান্ত শাস্ত্রী হিমাচল প্রদেশ এবং ২০০০ সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন। আরেক প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ২০১৫ সালে ত্রিপুরা এবং ২০১৮ সালে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই নিয়োগের মাধ্যমে অসীম ঘোষ বিজেপির সেই তালিকায় যুক্ত হলেন যেখানে প্রাক্তন রাজ্য সভাপতিরা গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অলঙ্কৃত হয়েছেন।